হোম > খেলা > ফুটবল

ফ্রান্সকে জিতিয়ে ৩৪ বছরের পুরোনো রেকর্ড ফেরালেন ওলিসে

ক্রীড়া ডেস্ক    

ওলিসের গোল উদযাপন। ছবি: সংগৃহীত

জিনেদিন জিদানের অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয়ে শেষ মুহূর্তে নায়ক হয়ে উঠেন মাইকেল ওলিসে। ম্যাচের ৮৮তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে ফরাসিদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেন এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। সেই সঙ্গে ৩৪ বছরের পুরনো কীর্তি ফিরিয়েছেন তিনি।

বেলজিয়ামের বিপক্ষে গোলের পাশাপাশি তুরস্কের বিপক্ষে আগের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোলে সহায়তা করেন ওলিসে। এর ফলে নতুন কোনো ফ্রান্স কোচের অধীনে দলের প্রথম দুই গোলে সরাসরি অবদান রাখা খেলোয়াড় হলেন তিনি। ১৯৯২ সালে জেরার হুলিয়েরের অধীনে এরিক কান্তোনা সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন।

ফ্রান্সের হয়ে নিজের প্রথম ২৭ ম্যাচেও দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন ওলিসে। এই সময়ে তিনি ৮ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ ২৭ ম্যাচে সরাসরি ১৮ গোলে অবদান রাখলেন তিনি। ১৯৯৭ সালে ইউরি দজোরকেফের পর ফ্রান্সের কোনো খেলোয়াড় প্রথম ২৭ ম্যাচে এমন প্রভাব রাখতে পারেননি। দজোরকেফ ওই সময়ে ২২টি গোলে অবদান রেখেছিলেন।

এই জয়ে ২০২৬ সালে ফ্রান্সের জয়সংখ্যা দাঁড়াল ১১ তে। স্ট্যাটস ফুট জানিয়েছে, এক পঞ্জিকাবর্ষে এর চেয়ে বেশি জয় ফ্রান্স সর্বশেষ পেয়েছিল ২০১৮ সালে। সেবার ১২টি জয়ের দেখা পেয়েছিল বিশ্বকাপজয়ী দলটি।

জিদানের অধীনে এটি ফ্রান্সের টানা দ্বিতীয় জয়। এর আগে ফ্রান্সের ডাগআউটে অভিষেকের দিনে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছিল তাঁর। বেলজিয়ামের বিপক্ষেও জয়ের পথ খুলল শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা ওলিসের পায়ে।

ফ্রান্সের আরেকটি পরিসংখ্যানও নজর কেড়েছে। দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলা একসঙ্গে মাঠে ছিলেন এমন সাতটি ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে ফ্রান্স।

রক্ষণেও এসেছে স্বস্তির খবর। দায়ো উপামেকানোকে ছাড়া সবশেষ ১৪ ম্যাচের মধ্যে দ্বিতীয়বার গোল হজম না করে ম্যাচ শেষ করেছে ফ্রান্স। এর আগে ২০২৫ সালের ৮ জুন জার্মানির বিপক্ষে একই কীর্তি গড়েছিল তারা।