বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় দুজনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি চিকিৎসা সহায়তা ব্যবস্থা এসএএমই (ইমারজেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্স সিস্টেমস) জানিয়েছে, বুয়েনস এইরেসের ম্যাচ চলার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ব্যক্তি মারা যান।
নিউজার্সি স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচ চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। নিহত দুজনের বয়স যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর।
এসএএমইর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের একটি বাড়ি থেকে ৬৭ বছর বয়সী এক ব্যক্তির জন্য জরুরি সহায়তার আবেদন আসে। চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে বাঁচানোর জন্য কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি। তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তির শ্বাসকষ্টের খবর পেয়ে জরুরি সেবা ডাকা হয়। তাঁর মেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। সিপিআর দেওয়ার পর তাঁকে দুরান্দ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় চিকিৎসাধীন থাকার পর সেই ব্যক্তি মারা যান।
এ ছাড়া বুয়েনস এইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী এক ব্যক্তি বর্তমানে আলভারেস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে শ্বাসকষ্ট ও হঠাৎ বুকের ব্যথা নিয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় উদ্যাপনের সময় আরও কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ওবেলিস্ক এলাকায় উদ্যাপনের মধ্যে ল্যাভালে ও ৯ ডি জুলিও অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় চার মিটার উচ্চতা থেকে পড়ে যান। এতে তাঁর বাঁ পায়ে গুরুতর চোট লাগে এবং জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া উদ্যাপনকে কেন্দ্র করে অতিরিক্ত মদ্যপান, পড়ে গিয়ে আঘাত পাওয়া, কাটাছেঁড়া এবং সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবায়ে।