নবাগতদের বিশ্বকাপ খেলতে এসে এবার চমক দেখানো যেন এক রকম নিয়মে পরিণত হয়েছে। কেপ ভার্দে রুখে দিল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে। আর গোলরক্ষক এলয় রুমের বীরত্বে ইকুয়েডরের বিপক্ষে ড্র করে কুরাসাও। সানফ্রান্সিসকোতে আজ জর্ডান তেমন কিছু করার অপেক্ষাতেই ছিল। কিন্তু প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা মধ্যপ্রাচ্যের এই দল সফল হয়নি। আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে জর্ডান বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে এবার বিশ্বকাপ শুরু করেছিল আলজেরিয়া। আর নবাগত জর্ডান নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে হেরেছিল ৩-১ গোলে। সান ফ্রান্সিসকোতে আজ জর্ডান-আলজেরিয়া নেমেছিল অস্তিত্ব টিকে থাকার লড়াইয়ে। জর্ডান শুরুতে এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষের দিকে আলজেরিয়া ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। জর্ডানকে বিদায় করে টুর্নামেন্টে টিকে রইল আলজেরিয়া।
দুই ম্যাচের দুটিতে জিতেই ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পয়েন্ট এখন ৬। অস্ট্রিয়া-আলজেরিয়া দুই দলেরই পয়েন্ট ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে অস্ট্রিয়া। তিনে অবস্থান করছে আলজেরিয়া। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জর্ডানের পয়েন্ট ০। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ। এই ম্যাচ জিতলে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠবে। একই সময়ে কানসাস সিটিতে চলবে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ। এই ম্যাচ যে জিতবে, সে গ্রুপ রানার্সআপ হয়ে উঠবে দ্বিতীয় রাউন্ডে।
আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে পরাজিত দলেরও সুযোগ থাকবে নকআউটে ওঠার। তবে গ্রুপের ‘সেরা তৃতীয় দল’ হিসেবে উঠতে পারে কি না, সেটা অনেক সমীকরণের ওপর নির্ভর করছে। কারণ, এই ক্যাটাগরিতে শেষ বত্রিশে উঠবে আট দল। আর যদি আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ ড্র হয়, তখন গোল ব্যবধানের কারণে এগিয়ে থাকবে অস্ট্রিয়া।
সানফ্রান্সিসকোতে আজ শুরু থেকেই আলজেরিয়া-জর্ডান লড়াই চলতে থাকে সমান তালে। ৭ মিনিটে রিয়াদ মাহরেজ কর্নার থেকে সুইং করলেও তাঁর সতীর্থ রামি বেনসেবাইনি জর্ডানের রক্ষণভাগে পৌঁছাতে দেরি করে ফেলেন। পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে জর্ডান। ১২ মিনিটে জর্ডানের দুই ফরোয়ার্ড মুসা আল-তামারি এবং আলী ওলওয়ান নিজেদের মধ্যে পাস আদান-প্রদান করতে থাকেন। কিন্তু তামারি যেভাবে শট নিয়েছেন, তা সহজেই ঠেকিয়েছেন আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদান।
রিয়াদ মাহরেজ এরপর কয়েকবার চেষ্টা করলেও জর্ডানের রক্ষণদুর্গ ভেদ করতে পারেননি। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচে প্রথম গোলের দেখা পায় জর্ডান। বিশ্বকাপ অভিষেকে প্রথম গোলটা এসেছে নিজার আল-রাশদানের পা থেকেই। ৩৬ মিনিটে মুসা আল-তামারি ঢুকে পড়েন আলজেরিয়ার রক্ষণদুর্গে। আল-তামারি এরপর কাট ব্যাক করলে সেটা চলে যায় মাহমুদ আল-মার্দির কাছে। মার্দি এরপর আল-রাশদানকে দিলে তিনি এরপর আনুষ্ঠানিকতা সেরেছেন। বিশ্বকাপে প্রথম গোলের পর জর্ডানের ফুটবলাররা সিজদা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের দলটি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই সমতায় ফেরার সুযোগ সৃষ্টি করেছিল আলজেরিয়া। ৫৪ মিনিটে ইবরাহিম মাজার দূরপাল্লার শট রিসিভ করে নাবিল বেনতালেব হানা দিয়েছিলেন জর্ডানের রক্ষণদুর্গে। কিন্তু জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা দক্ষতার সঙ্গে গোল প্রতিহত করেছেন। তবে আলজেরিয়া তাতে দমে যায়নি। ৬২ মিনিটে মাহরেজের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন নাধির বেনবুয়ালি।
সমতায় ফেরার ২০ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেয় আলজেরিয়া। জর্ডানের রক্ষণদুর্গ ভেদ করে ৮২ মিনিটে আলজেরিয়া ফরোয়ার্ড আমিন গুইরি ভলিতে দুর্দান্ত গোল করেছেন। জটলার ভেতর থেকে যেভাবে গোল দিয়েছেন গুইরি, তাতে অফসাইড সংক্রান্ত জটিলতা তৈরি হয়। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নেওয়ার পর দেখা যায়, অল্পের জন্য অফসাইড এড়িয়ে গোল আদায় করে নিয়েছেন গুইরি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে আলজেরিয়া বাঁচিয়ে রইল নকআউট পর্বের আশা।