হোম > খেলা > ফুটবল

‘মনে হচ্ছিল আর কথা বলতে পারব না’

গার্ডিয়ান

মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার পর দীর্ঘ সময় নীরব ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। কদিন আগে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙেছেন ফার্গি। ইংলিশ ফুটবলের এই মহিরুহ কথা বলেছেন হাসপাতালের কঠিন দিনগুলো নিয়ে। কথা বলেছেন বর্তমান সময়ের ফুটবলের খুঁটিনাটি এবং সর্বশেষ ইউরোপিয়ান সুপার লিগ প্রসঙ্গে। তারই চুম্বকাংশ আজকের পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।

এই সপ্তাহটা আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটি। ঠিক তিন বছর আগে হাসপাতালে ভয়ংকর সময়টার কথা কতটা মনে পড়ে?
স্যার অ্যালেক্স ফার্গুসন: এটা খুবই ভয়ংকর স্মৃতি, যেটা আমি ভুলে যেতে চাইব। ওই সময় নিজেকে খুবই একা মনে হয়েছে।

শুনেছি আপনি নাকি কথাই বলতে পারছিলেন না?
ফার্গুসন: এটাই আমার সবচেয়ে চিন্তার ব্যাপার ছিল। ১০ দিন কোনো কথা বলতে পারিনি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ব্যাপারটা ঘটেছিল। আমার প্রচণ্ড ভয় হচ্ছিল। মনে হচ্ছিল, জীবনে আর কথা বলতে পারব না। ডাক্তাররা পুরো সমর্থন দিয়ে গেছেন। তবু আমার মনে হচ্ছিল, সবাই আমার সঙ্গে মিথ্যা বলছে।

আপনার ছেলে জেসন বলছিল, আপনি নাকি কথা বলতে না পারার চেয়েও স্মৃতিশক্তি নিয়ে বেশি চিন্তিত ছিলেন?
ফার্গি: হ্যাঁ, জেসন সত্যিই বলেছে। আমি ভাবছিলাম স্মরণশক্তি হারিয়ে গেলে বেঁচে থেকে কী করব? এটা আমার জন্য আরও কঠিন হতো।

কীভাবে বুঝতে পারলেন স্মরণশক্তি ঠিকঠাক কাজ করছে?
ফার্গি: ক্যাথি (ফার্গির স্ত্রী) আর জেসন প্রথমে আমাকে জিজ্ঞেস করে, কোথায় বেড়ে উঠেছি? জেসন আমাকে ঠিক রাখতে মজা করে জিজ্ঞেস করেছিল, বাবা, মায়ের সঙ্গে তোমার বাগদানের তারিখ মনে আছে? আমি ঠিকঠাক উত্তর দিয়েছিলাম।

আপনার স্মরণশক্তি কতটা শক্তিশালী, কয়েকটা লেখা পড়ে জেনেছি। এটা বললেও অত্যুক্তি হবে না, আপনার স্মরণশক্তি নিয়ে কয়েকটা বই লেখা যাবে। জেসন বলছিল, মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে আপনার স্মরণশক্তি আর দশজন সাধারণ মানুষের চেয়ে শক্তিশালী ছিল।
ফার্গি: জেসন আমাকে জিজ্ঞেস করেছিল, বাবা, ম্যানচেস্টার ইউনাইটেডে তোমার কোচিং ক্যারিয়ারের প্রথম গোলটা কে করেছিল? মনে আছে তোমার? সত্যি বলতে এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দেওয়ার পর হাসপাতালে প্রথমবার নিজেকে দারুণ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল।

উত্তরটা কীভাবে দিয়েছিলেন বা কে প্রথম গোল করেছিল যদি আমাদেরও বলতেন।
ফার্গি: জেসনকে উত্তরটা দিয়েছিলাম এভাবে, জন সিভেব্যাক। ১৯৮৬ সালের ২২ নভেম্বর কিউপিআরের বিপক্ষে জন প্রথম গোলটা করেছিল। জন ইউনাইটেডে ফুলব্যাক হিসেবে এসেছিল। তখন ওকে খুব পছন্দ করতাম। দুর্দান্ত খেলত।

সেই দুঃসহ সময়টা তিন বছরে কতটা কাটিয়ে উঠতে পেরেছেন?
ফার্গি: পরিবারের সবাই আমাকে সময় দিয়েছে। হাসিখুশি রেখেছে। এখন আমি সুস্থ আছি।

স্মরণশক্তি আর ম্যানচেস্টার ইউনাইটেড প্রসঙ্গ যেহেতু এসেছে। মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে, খেলা চলার সময় আপনি ডাগআউটে খুব কম বসতেন। উদ্যম, ছুটোছুটি কখনো দেখিনি আপনার মাঝে। এখনকার সময়ের কোচদের সঙ্গে পার্থক্যটা কোথায় দেখেন?
ফার্গি: নিজেকে কারও সঙ্গে তুলনা করি না। একেক কোচের একেক রকম ধরন থাকে। কোচ হিসেবে আমি সব সময় আমার স্মরণশক্তির ওপর নির্ভর করেছি। আমি বুঝি না খেলা চলার সময় এখনকার কিছু কোচ কেন নোট নিতে ব্যস্ত হয়ে পড়েন! আমি কখনোই এটা করিনি। আপনি নোট নিচ্ছেন আর ওদিকে একটা গোল হয়ে গেল। এটা আমি মেনে নিতে পারি না। আমি ছেলেদের প্রতিটি সেকেন্ডের খেলা মনোযোগ দিয়ে দেখতে চাইতাম।

ইউরোপিয়ান সুপার লিগের ব্যাপারটা কীভাবে দেখেন?
ফার্গি: এটা খুবই দুঃখজনক। কখনো ভাবিনি এমন কিছু দেখে যেতে হবে। ফুটবলের চিরায়ত সৌন্দর্যের পথে অন্তরায় হবে সুপার লিগ। আপনি সব সময় বড় দলগুলোর খেলা দেখতে চাইবেন না। ফুটবলের সৌন্দর্য বড় দলের সঙ্গে ছোট দলের লড়াই।

২৭ বছর ধরে ম্যানইউর দায়িত্ব সামলেছেন। টাচলাইন থেকে দলের খেলা দেখা কতটা মিস করেন?
ফার্গি: জীবনের কিছু ব্যাপার থাকে। যেগুলো কখনোই ভুলে যেতে চাইবেন না। সব সময় মনে করে সুখানুভূতি নিতে চাইবেন। ইউনাইটেডের টাচলাইন আমার কাছে ঠিক সে রকম। জীবনের চক্রের মতো এটা আমি মেনে নিয়েছি।