হোম > খেলা > ফুটবল

মোহামেডানের নতুন কোচ ভারেলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহামেডানের কোচ হলেন ভারেলা। ছবি: সংগৃহীত

ভারতীয় ফুটবলে বেশ কিছুদিন কাজ করেছেন, জিতেছেন শিরোপাও। এবার সেই অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশের ফুটবলে পা রাখছেন ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। নতুন মৌসুমের জন্য আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই স্প্যানিশ কোচকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

উয়েফা প্রো লাইসেন্সধারী ভারেলা ২০১৮ সালে গোকুলাম কেরালার দায়িত্ব নিয়েই এনে দেন সাফল্য। তাঁর অধীনে কেরালা প্রিমিয়ার লিগ জেতে গোকুলাম। পরের বছর ভারেলার অধীনে ডুরান্ড কাপ জেতে ক্লাবটি।

এরপর চার্চিল ব্রাদার্সে যোগ দেন ভারেলা। ২০২০–২১ মৌসুমে তাঁর অধীনে আই-লিগে রানার্সআপ হয় ক্লাবটি। ১৫ ম্যাচে চার্চিল ব্রাদার্সের ছিল ৮ জয়, ৫ ড্র এবং ২ হার। এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্বেও ছিলেন তিনি। ১৯ ম্যাচে তাঁর দল জিতেছে ১২ ম্যাচ। ড্র করেছে ৩ ম্যাচ এবং ৪ ম্যাচ হেরেছে। ২০২৩ সালে বেঙ্গালুরু ইউনাইটেডকে স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপও জেতান তিনি।

সর্বশেষ ভারতের এসসি দি গোয়ার দায়িত্বে ছিলেন ৫৩ বছর বয়সী ভারেলা। মোহামেডানের ডাগআউটে কতটা আলো ছড়াতে পারেন, তা সময়ই বলে দেবে। বসুন্ধরা কিংস থেকে ৯ ফুটবলারকে ভিড়িয়ে এবার শক্তিশালী দলও গড়েছে সাদা-কালোরা।