হোম > খেলা > ফুটবল

‘ফুটবল তার আত্মার একটি অংশ হারাল’

ক্রীড়া ডেস্ক    

এই জার্সিতে আর দেখা যাবে না মেসিকে। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণায় স্তব্ধ হয়ে গেছে ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার হয়ে দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার খবরকে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যম দেখছে একটি যুগের সমাপ্তি হিসেবে।

সোমবার সন্ধ্যায় আবেগঘন এক বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এই সিদ্ধান্ত তাঁকে কষ্ট দিচ্ছে বলে জানান এই ফরোয়ার্ড। তবে দেশের জন্য নিজের দেওয়ার মতো সবকিছুই দিয়ে ফেলেছেন বলে মনে করেন আর্জেন্টাইন মহাতারকা।

আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদপত্র ওলে ২০২৬ সালের ৩১ আগস্টকে দেশটির ফুটবল ইতিহাসের একটি স্মরণীয় দিন হিসেবে দেখেছে। তাদের মতে, এই দিনেই মেসি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করলেন নিজের অতুলনীয় উত্তরাধিকার।

পত্রিকাটি মেসির বিদায়ী বার্তার ব্যক্তিগত আবহের কথাও তুলে ধরেছে। জাতীয় দলকে ভালোবাসতেন এবং সবসময়ই ভালোবাসবেন—এমন প্রতিশ্রুতি দিয়ে মেসি জানিয়েছেন, মাঠের খেলোয়াড় হিসেবে নয়, এবার বাইরে থেকে একজন সমর্থক হিসেবে তিনি আর্জেন্টিনার পাশে থাকবেন, সুখের সময়েও, কঠিন সময়েও।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সামনে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে বলেও মনে করছে ওলে। তার অবসর শুধু একজন খেলোয়াড়ের বিদায় নয়, জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্ব এবং কোচ লিওনেল স্কালোনির পরবর্তী দল নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।

স্প্যানিশ সংবাদপত্র মার্কা মেসির অবসরকে বিশ্বজুড়ে বোমা ফাটানো খবর বলে মন্তব্য করেছে। আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন তিনি। শিরোপা ও রেকর্ডে ভরা সেই যাত্রার পরিসংখ্যানও সহজে ছাপিয়ে যাওয়া সম্ভব নয়।

আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। জাতীয় দলের ইতিহাসে তিনিই সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা।

কাতালান সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো মেসিকে অভিহিত করেছে সেরাদের সেরা হিসেবে। তাদের মতে, ‘ফুটবল বিশ্বে বোমা ফাটানো খবর। সুন্দর এই খেলার ইতিহাসে অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলার ৩৯ বছর বয়সী লিওনেল মেসি সদ্য আর্জেন্টিনার দলের হয়ে খেলা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।’

ইতালির লা গাজেত্তা দেলো স্পোর্ত মেসির সিদ্ধান্তকে দেখেছে অন্য এক মানবিক দৃষ্টিকোণ থেকে। তাদের কাছে এটি ছিল বেদনাদায়ক তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত।

মেসির বক্তব্য তুলে ধরে পত্রিকাটি লিখেছে, ‘আমার দেওয়ার মতো আর কিছু নেই, আর সামনে দারুণ কিছু তরুণ খেলোয়াড় আছে, যারা এখানে থাকার যোগ্য।’

আর্জেন্টিনার হয়ে মেসির শেষটা হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন এবং দুবারের কোপা আমেরিকা জয়ী হিসেবে। দীর্ঘদিন আন্তর্জাতিক শিরোপার অপেক্ষার পর ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার হয়ে বড় শিরোপার খরা কাটিয়েছিলেন তিনি। পরের বছর কাতার বিশ্বকাপ জিতে পূর্ণতা পায় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।

ফরাসি সংবাদপত্র লেকিপ গুরুত্ব দিয়েছে মেসির দীর্ঘ আন্তর্জাতি ক্যারিয়ারকে। দুই দশকের বেশি সময় জাতীয় দলের সঙ্গে থাকার পর ৩৯ বছর বয়সে অবসরে যাচ্ছেন তিনি। সিদ্ধান্তটি এখনও তাঁকে ভেতর থেকে কষ্ট দেয় বলেও নিজের বার্তায় জানিয়েছেন মেসি।

ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতো লিখেছে, ‘মেসির অবসর আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল।’ তাদের মতে, ফাইনালে একের পর এক হতাশার পর ২০২১ সালে মেসির শিরোপার খরা কাটানোই আর্জেন্টিনার সোনালি এক যুগের শুরু; যার চূড়ান্ত পরিণতি ২০২২ সালের বিশ্বকাপ জয়।

ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরও আবেগঘন ভাষায় মেসির বিদায়কে তুলে ধরেছে। তাদের শিরোনাম, ‘মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন: ফুটবল তার আত্মার একটি অংশ হারাল।’

আর্জেন্টিনার টিএনটি স্পোর্টস মেসিকে বিদায় জানিয়েছে, ‘তুমি একজন মহান, অধিনায়ক।’ খবরটি সরাসরি দর্শকদের জানাতে গিয়ে বিশ্লেষক পাবলো হিরালতকে চোখের জল সামলাতেও দেখা গেছে।

২০১৬ সালে প্রথমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। সেই ঘটনার স্মৃতি টেনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান শিরোনাম করেছে, ‘মেসি আবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।’ অন্যদিকে দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘আর্জেন্টিনার জার্সিতে দুর্দান্ত এক ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন মেসি।’

জার্মানির ‘বিল্ড’-এর শিরোনাম ছিল সংক্ষিপ্ত—‘ফুটবলে বিস্ময়: জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি।’ পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা’ও একে বলেছে ‘ফুটবল বিশ্বে বোমা ফাটানো খবর’ এবং মেসির সিদ্ধান্তকে অভিহিত করেছে ‘একটি যুগের সমাপ্তি’ হিসেবে।

জার্মান সংবাদপত্র ডি সাইট-এর মতে, স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের ৪৩ দিন পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়েছেন মেসি। তাদের তথ্য অনুযায়ী, ফাইনালের মাত্র দুই দিন পরই, ২১ জুলাই নিজের অবসরের বার্তাটি লিখেছিলেন তিনি। তবে সেটি প্রকাশের আগে অপেক্ষা করেন আরও কিছুদিন।