হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা ম্যাচে সমালোচনা করায় শাস্তি পেলেন মিসরের কোচ ও ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

আলোচিত সেই ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা করায় শাস্তি পেয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও উইঙ্গার মোস্তফা জিকো। হোসামকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। দলের পরিচালক ইব্রাহিম হাসানও পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

সোমবার মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটির কাছে সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে চেয়েছে তারা। আইনি অবস্থান পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইএফএ।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় মিসর। ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিসরের খেলোয়াড় ও কর্মকর্তারা। পরে তাঁদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফিফা।

এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। আগামী বছরের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচেও দায়িত্ব পালন করতে পারবেন না তাঁরা।

জিকোর নিষেধাজ্ঞা আরও দীর্ঘ। আগামী জুন পর্যন্ত মিসরের হয়ে মাঠে নামতে পারবেন না এই উইঙ্গার। ফলে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মিসরের বাকি চার ম্যাচসহ আরও একটি আন্তর্জাতিক ম্যাচে তাঁকে পাবে না দল।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন হোসাম। তাঁর অভিযোগ ছিল, রেফারির ভুল সিদ্ধান্ত মিসরের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। অন্যদিকে, ম্যাচের পর এক সাক্ষাৎকারে রেফারিকে অপমান করার অভিযোগ ওঠে জিকোর বিরুদ্ধে।

ম্যাচে জিকোর একটি গোল বাতিল হয়েছিল আক্রমণের আগে ফাউলের কারণে। পরে ২-২ সমতায় থাকা অবস্থায় পেনাল্টির আবেদন করেও সাড়া পাননি মিসরের খেলোয়াড়েরা। শেষ দিকে গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

মিসরের প্রতিনিধিরা প্রতিযোগিতায় বাণিজ্যিক স্বার্থের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এসব মন্তব্যের পর গত আগস্টে তিনজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করে ফিফা।

ইএফএ জানিয়েছে, শাস্তির বিস্তারিত কারণ জানার পর সিদ্ধান্তগুলোর আইনি দিক পর্যালোচনা করবে তারা। এরপর প্রযোজ্য নিয়ম অনুযায়ী আপিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

৩৮ সেকেন্ডেই জরিমানার টাকা তুলবেন রোনালদো

ক্যারিয়ারের শেষটা মনে রাখার মতো করতে চাই

বার্সা-পিএসজি মহারণ দেখবেন কোথায়

সাফে থাকতে পারে ভিএআর

বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের ব্যক্তিগত খরচে বুট দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ওলিসেকে পেতে নাইকির এত আগ্রহ কেন

বার্সা-রিয়াল মহারণের আগে আলোচনায় এই রেফারি

আবারও ঢাকায় আসার বার্তা দিলেন ফিফা সভাপতি

ফিফা সভাপতিকে বাংলাদেশ ফুটবল নিয়ে কী বলেছে বাফুফে

হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি