কোপা সুদামেরেরিকা জয়ের আনন্দের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বোকা জুনিয়র্সের অধিনায়ক লেয়ান্দ্রো পারেদেস। শিরোপা জয়ের পর সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান আর্জেন্টিনার এই তারকা মিডফিল্ডার।
আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরেরিকার শিরোপা জেতে বোকা জুনিয়র্স। ম্যাচ শেষে ডি স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারান পারেদেস। কলম্বিয়ার ব্যারানকিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্রতায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
সাক্ষাৎকারের মাঝেই টানেলের ভেতর পড়ে যান পারেদেস। দ্রুত তাঁকে চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে নিজেই ড্রেসিংরুমে যান তিনি। তবে শারীরিক অবস্থা পরীক্ষা করতে পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে কাছের একটি ক্লিনিকে নেওয়া হয়। তাঁর অসুস্থতার কারণে আর্জেন্টিনায় ফেরার যাত্রাও বিলম্বিত হয়।
হাসপাতালে থেকেই ভক্তদের আশ্বস্ত করেন পারেদেস। স্ট্রেচারে শুয়ে থাকা নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন, ‘আমরা ভালো আছি। গো বোকা! আজ এবং সব সময়।’
পরে চিকিৎসকেরা পারেদেসকে ছাড়পত্র দিলে হোটেলে ফিরে সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্যাপনে যোগ দেন তিনি। তাঁর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার দৃশ্য স্বস্তি দেয় বোকা সমর্থকদের।
ম্যাচ চলাকালেও তীব্র গরমে ভুগেছেন পারেদেস। শারীরিক অস্বস্তির কারণে দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে বদলি হওয়ার অনুরোধ জানান তিনি। তাঁর জায়গায় মাঠে নামেন তমাস বেলমন্তে। এ সময় ডাগআউটে থাকা আদাম বারেইরো ও রদ্রিগো বাত্তাগলিয়া নিজেদের জার্সি দিয়ে তাঁকে বাতাস করেন। তাঁর ঘাড়ের পেছনে দেওয়া হয় বরফ। প্রচণ্ড গরম ও আর্দ্রতায় তাঁর রক্তচাপ কমে গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেন বোকা জুনিয়র্সের কোচ রোদলফো আরুয়াবারেনা। তিনি জানান, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হওয়ায় পারেদেস নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
আরুয়াবারেনা বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে ওর মধ্যে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছিল এবং ও ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা ভালো অনুভব করলেও, ১০ মিনিট পর স্পষ্ট হয়ে ওঠে যে বল দুই পাশে সরাতে ওর সমস্যা হচ্ছে। ও খুব সৎ, তাই নিজেই বদলি হওয়ার অনুরোধ জানায়।’