দলের আক্রমণভাগে একের পর এক চোটের ধাক্কা। দেজিরে দুয়ে ও খভিচা কাভারাসখেলিয়া–দুজনেরই হাঁটুর চোটে মাঠের বাইরে থাকতে হবে কয়েক মাসের জন্য। এমন পরিস্থিতিতেও জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় নেওয়ার প্রয়োজন দেখছে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বিষয়টি স্পষ্ট করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে।
এনরিকের মতে, মাত্র ছয় মাসের জন্য নতুন কোনো খেলোয়াড়কে দলে না এনে বর্তমান স্কোয়াডের সামর্থ্যের ওপরই আস্থা রাখতে চায় পিএসজি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় বিষয়টি পরিষ্কার করেন পিএসজি কোচ এনরিকে। চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের দলবদলের বাজারে যাওয়ার প্রয়োজন নেই। ছয় মাসের জন্য কোনো খেলোয়াড়ও দলে নেব না। এটা আমাদের কাজের ধরন নয়। আমাদের একটি দল আছে।’
বর্তমান খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে চান স্প্যানিশ এই কোচ। এনরিকে বলেন, ‘এটা সত্যি যে আমাদের এখন আরও সতর্ক থাকতে হবে। তবে এই খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের নিয়ে আমরা কোনো কিছুতেই ভয় পাচ্ছি না। নিজেদের কাজ করার এবং কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার সামর্থ্যের ওপর আমাদের আস্থা আছে।’
চ্যাম্পিয়নস লিগে এবারও দারুণ ছন্দে রয়েছে পিএসজি। লিগ পর্বে চার ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে তালিকার পরের অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।