হোম > খেলা > ফুটবল

খেপ খেলা নিয়ে ফুটবলারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর সতর্কবার্তা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আমিনুল হক। ফাইল ছবি

জাতীয় দলের ফুটবলারদের খেপ খেলতে যাওয়া নিয়ে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ইস্যুতে ফুটবলারদের কড়া সতর্কবার্তা দিলেন তিনি।

কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, টাঙ্গাইলের একটি টুর্নামেন্টে খেপ খেলতে গেছেন শেখ মোরছালিন, রাকিব হোসেন, রবিউলদের মতো ফুটবলাররা। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, প্রমাণ স্বাপেক্ষে খেপ খেলতে যাওয়া ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

স্থানীয় পর্যায়ে এভাবে খেলতে গেলে ফুটবলারদের চোটে পড়ার আশঙ্কা থাকে। সতর্ক করার পরও ফুটবলাররা খেপ খেলতে গেলে ব্যবস্থা নেওয়া হুশিয়ারি দিলেন আমিনুল। বিষয়টি নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী।

সোমবার রাতে এক ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমিনুল বলেন, ‘আমি ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলতে পারিনি, তবে আমি দ্রুতই তার সাথে হয়তোবা দু–এক দিনের ভেতরে কথা বলব যে যেই খেলোয়াড়েরা বিভিন্ন জায়গায় গিয়ে খেপ খেলেছে, সেই বিষয় নজরে এনে তাদেরকে সতর্ক করা, আমরা প্রথম অবস্থায় সতর্ক করতে চাই, তারপর আমরা হয়তোবা ব্যবস্থা নেওয়ার চিন্তা করব।’

পেশাদার ফুটবলাররা ঝুঁকি নিয়ে খেপ খেলতে যাওয়ায় বেশ হতাশ আমিনুল, ‘আমার প্রশ্নটা হচ্ছে সেই প্লেয়ারদের কাছে এবং আমি বাফুফের কাছেও প্রশ্নটা রাখব, যেখানে আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়াভাতা প্রদান করছি, সরকার তাদের মাসিক ভাতা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খেপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে এবং দেশের প্রতি যে একটু আগে বলছিলাম যে কমিটমেন্টের অভাব, যে তার নিজের প্রতি যে কমিটমেন্টের অভাব সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে পেয়েছি।’