হোম > খেলা > ফুটবল

ফিলিস্তিনের পক্ষে কথা বলে ইসরায়েলের তোপের মুখে আয়ারল্যান্ডের কোচ

ক্রীড়া ডেস্ক    

আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন। ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।

ইসরায়েলের বিপক্ষে গত সপ্তাহে নেশনস লিগের দল ঘোষণা করে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই)। তখন আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন বলেছিলেন, ‘গণহত্যার সঙ্গে খেলছি না। গণহত্যার বিরুদ্ধে খেলছি। ইসরায়েলের বিরুদ্ধে খেলছি। তাদের বন্ধু হয়ে নয়।’ হালগ্রিমসনের এই বক্তব্য ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) কাছে স্রেফ মূর্খতা-ভণ্ডামি মনে হয়েছে।

এক সপ্তাহ পর গত রাতে ইসরায়েল ফুটবল সংস্থা কড়া জবাব দিয়েছে আয়ারল্যান্ড কোচকে। সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে আইএফএ লিখেছে, ‘বিশ্ব এবং মানবতার কল্যাণে ইসরায়েল অনেক অবদান রেখেছে। ইসরায়েলের নোবেল পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে। আয়ারল্যান্ডের কোচ মূর্খতা, অজ্ঞতা ও ভণ্ডামির পরিচয় দিয়েছেন। দুঃখজনক হলেও সত্যি যে এর কোনো প্রতিষেধক আমরা আবিষ্কার করতে পারিনি।’

‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন গ্রুপ’ থেকে জারি করা একটি খোলা চিঠিতে ১৬০ জনেরও বেশি আইরিশ ক্রীড়াবিদ স্বাক্ষর করেছেন। সেখানে তাঁরা আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএআই) ম্যাচগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
চিঠিটিতে লেখা হয়েছে, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই মুহূর্তে আপনাদের কাছে সঠিক কাজটি করার একটি সুযোগ রয়েছে। না খেলাই হবে আপনাদের পক্ষে ক্রীড়াসুলভ কাজ হবে।’

আইএফএর এমন মন্তব্যের পর এফএআই প্রত্যুত্তরে কিছু বলেনি। তবে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জনের দাবিতে আয়ারল্যান্ড দল যে হোটেলে রয়েছে, সেটার সামনে বিক্ষোভ মিছিল করেছে। কসোভোর বিপক্ষে ম্যাচ দিয়ে পরশু নেশনস লিগে মুখোমুখি হবে আয়ারল্যান্ড। এই টুর্নামেন্টে আইরিশদের পরের ম্যাচ ইসরায়েলের বিপক্ষে। এই দুই ম্যাচ আয়ারল্যান্ড খেলবে অ্যাওয়েতে। ১ ও ৪ অক্টোবর ঘরের মাঠে আইরিশদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও ইসরায়েল।