বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে একাদশ নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা করছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রতিপক্ষের কৌশল বিবেচনায় নিয়ে দলে কিছু পরিবর্তনের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চূড়ান্ত একাদশ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত প্রকাশ করেননি স্কালোনি। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে থাকা আলবিসেলেস্তেরা এই ম্যাচ জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে চায়।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ইংল্যান্ডের বিপক্ষে কৌশলগত কারণে একাদশে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, ‘প্রতিপক্ষের কথা মাথায় রেখে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে সম্ভাব্য সেরা একাদশ মাঠে নামানো। ছেলেরা ভালো অবস্থায় আছে।’
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলের জয়ের ম্যাচের একাদশ থেকে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মাঝমাঠে একটি পরিবর্তন দেখা যেতে পারে। আলোচনায় সবচেয়ে বেশি আছেন রদ্রিগো দি পল।
স্কালোনির অধীনে আর্জেন্টিনার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা দি পল মিশরের বিপক্ষে ম্যাচের আগে শুরুর একাদশ থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন। পাশাপাশি সবশেষ দুই ম্যাচেই তাঁকে তুলে নেন স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর জায়গা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দি পল শুরু থেকে না খেললে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস অথবা জুলিয়ান সিমিওনে। আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে উঠে আসা সিমিওনে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই স্কালোনির অন্যতম পছন্দের বদলি খেলোয়াড় ছিলেন এবং মাঠে নেমে ভালো পারফরম্যান্স করেছেন। একাদশে ফিরলে সম্ভবত বাঁ প্রান্তের উইংয়ে খেলবেন তিনি।
সিমিওনে সাধারণত ডান উইং ব্যাকের সামনে খেলে থাকেন। তবে তাঁর শুরু থেকে মাঠে নামা কিছুটা চমক হতে পারে। কারণ এই বিশ্বকাপে জর্ডানের বিপক্ষেই তিনি একমাত্র ম্যাচে শুরুর একাদশে ছিলেন।
এদিকে ডান ব্যাক পজিশনেও সামান্য অনিশ্চয়তা রয়েছে। নাউয়েল মলিনা এখনো গঞ্জালো মন্টিয়েলের চেয়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কী হয় সেটা জানতে আরও অপেক্ষা করতেই হচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেস; নাউয়েল মলিনা (অথবা গঞ্জালো মন্টিয়েল), ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল (অথবা জুলিয়ান সিমিওনে/নিকোলাস গঞ্জালেস), লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নান্দেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস।