হোম > খেলা > ফুটবল

‘আমরা খুবই দুঃখিত, তবে সে যেন ভালো থাকে’

ক্রীড়া ডেস্ক    

মা সেলিয়ার সঙ্গে মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তে গভীরভাবে আঘাত পেয়েছে তাঁর পরিবার। দীর্ঘ ও গৌরবময় এক অধ্যায়ের সমাপ্তির বেদনার মধ্যেও অবশ্য ছেলের সুখকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মেসির মা সেলিয়া।

মেসির অবসরের খবর ছড়িয়ে পড়ার পর টিভি অনুষ্ঠান ইনত্রুসোস-এর সঙ্গে বার্তা বিনিময়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সেলিয়া। তিনি জানান, মেসির অবসের বিষয়টি পরিবার আগে থেকেই জানত। তবু আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি সামনে আসার পর কষ্টটা কমেনি।

সেলিয়া লিখেছেন, ‘আগে থেকেই জানতাম, তবু পরিবারের সবাই খুবই দুঃখিত।’

আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ পথচলার সমাপ্তি শুধু সমর্থকদের জন্য নয়, তাঁর পরিবারের কাছেও ভীষণ আবেগের। ১০ নম্বর জার্সিতে বছরের পর বছর দেশের হয়ে খেলে যাওয়া ছেলেকে আর জাতীয় দলের হয়ে মাঠে দেখতে না পাওয়ার কষ্ট থাকলেও, মায়ের কাছে সবার আগে মেসির ভালো থাকা।

সেলিয়ার বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন ভালো থাকে।’

জাতীয় দল থেকে মেসির অবসরের বিষয়টি অবশ্য পরিবারে নতুন কোনো আলোচনা ছিল না। সেলিয়ার ইঙ্গিত, দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন আর্জেন্টাইন তারকা। বিষয়টি নিয়ে চিন্তিত থাকতেন তাঁর বাবা জর্জেও।

গত ৮ আগস্ট রোজারিওতে মারা যান জর্জে। বাবাকে হারানোর শোকের মধ্যেই মেসির আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত পরিবারকে আরও বেশি আবেগাপ্লুত করে তুলেছে।

বাবার সঙ্গে এ প্রসঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতি তুলে ধরে সেলিয়া লিখেছেন, ‘বাবা সব সময় বলতেন, ‘আমি আর খেলব না, তখন কী করব?’ আর সবকিছু একসঙ্গেই ঘটে গেল, অবিশ্বাস্য।’

নিজের বিদায়ী বার্তাতেও বাবার মৃত্যুর পর সিদ্ধান্তটি আরও দৃঢ় হওয়ার কথা জানিয়েছেন মেসি। হাতে লেখা এক চিঠিতে তিনি জানান, জাতীয় দলকে বিদায় বলার এটাই তাঁর জন্য উপযুক্ত সময়।

মেসি লিখেছেন, ‘আমি শূন্য হয়ে গেছি, দেওয়ার মতো আমার আর কিছু নেই।’

চিঠির শেষ দিকে নিজের সিদ্ধান্তের পেছনের সময়টিও তুলে ধরেছেন মেসি, ‘আমি এই কথাগুলো লিখেছিলাম ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর। আজ, আমার বাবার সঙ্গে যা ঘটেছে, তার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’