হোম > খেলা > ফুটবল

ফেডারেশন কাপেও হতাশার শুরু আবাহনীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফেডারেশন কাপেও ড্র করল আবাহনী। ছবি: বাফুফে

বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।

আজ মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হয়েছে আবাহনী ও চট্টগ্রাম সিটির ম্যাচ। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫২ মিনিটে রবিউল হাসানের গোলে এগিয়ে যায় আবাহনী। তবে ১১ মিনিট পরই সেই লিড হারায় মারুফুল হকের দল। ৬৩ মিনিটে রাফায়েলের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম সিটি। এরপর আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে দুই দল।

ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে এ নিয়ে তিন ম্যাচেই হলো ড্র। এর আগে লিগের প্রথম ম্যাচে ৬-০ গোলে জেতা ফর্টিসকে ১-১ গোলে রুখে দিয়েছিল ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব। দিনের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।