হোম > খেলা > ফুটবল

ফিরে এসে ক্রুইফের চোখে বদলে যাওয়া বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শিষ্যদের নিয়ে অনুশীলনে লোডভিক ক্রুইফ। ছবি: বাফুফে

বাংলাদেশের ফুটবলে তাঁর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে ভিন্ন জায়গা থেকে। একসময় জাতীয় দলের ডাগআউটে দাঁড়ানো লোডভিক ডি ক্রুইফ এবার কাজ করছেন অনূর্ধ্ব-১৭ দলের ছেলেদের নিয়ে। প্রায় এক দশক পর ঢাকায় ফিরে পুরোনো মুখ, বদলে যাওয়া সুযোগ-সুবিধা আর নতুন প্রজন্মের ফুটবলারদের দেখে সন্তুষ্ট এই ডাচ কোচ।

ঢাকায় ফিরে অল্প সময়েই ফুটবলারদের মধ্যে শেখার তাড়না আর মনোযোগ দেখেছেন ডি ক্রুইফ। এই দলকে নিয়ে বেশ আশাবাদীও জাতীয় দলের সাবেক কোচ। তিনি বলেন, ‘ছেলেরা খুবই আগ্রহী, তারা শিখতে চায় এবং খেলার মাঠে তারা বেশ মনোযোগী।’

অনূর্ধ্ব-১৭ দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী ক্রুইফ। তবে সামনে কঠিন চ্যালেঞ্জ দেখছেন তিনি। তার ভাষায়, ‘আমার কোচদের কাছ থেকে আমি যা শুনেছি তা হলো, গত বছর তারা খুব ভালো করেছিল। আমাদের কিছু সুযোগ আছে, তবে এটি একটি কঠিন গ্রুপ, যেখানে সিরিয়া এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত রয়েছে। ইউএই তাদের ঘরের মাঠে খেলবে, তাই এটি খুব কঠিন হবে। কিন্তু আমরা বাংলাদেশ, আমরা প্রতি মিটারের জন্য লড়াই করবো, আমরা দল হিসেবে লড়ব। আমরা তাদের খুব ভালোভাবে প্রস্তুত করতে চাই এবং সেখানে আমরা কী আশা করতে পারি তা দেখতে হবে।’

সামনে অবশ্য সহজ কোনো পরীক্ষা অপেক্ষা করছে না। অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইয়ে সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাওয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা হবে আমিরাতে। ক্রুইফ বলেন, ‘আমার কোচদের কাছ থেকে আমি যা শুনেছি তা হলো, গত বছর তারা খুব ভালো করেছিল। আমাদের কিছু সুযোগ আছে, তবে এটি একটি কঠিন গ্রুপ, যেখানে সিরিয়া এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত রয়েছে। আমিরাত তাদের ঘরের মাঠে খেলবে, তাই এটি খুব কঠিন হবে।’