এভাবেও ফিরে আসা যায়—এবারের সিরি ‘আ’ তে ইন্টার মিলানের খেলা দেখে অন্যতম জনপ্রিয় এই গান মনে পড়াটাই স্বাভাবিক। শুরুতে গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর ঘটনা যে ফুটবল ইতিহাসে একেবারেই নেই, তা নয়। তবে ইন্টার যেন এটাকে নিয়ম বানিয়ে ফেলেছে। শুরুতে জোড়া গোল হজম করার পরও টানা দুই ম্যাচ জিতল ইতালির এই ক্লাব।
৪ সেপ্টেম্বর ঘরের মাঠ সান সিরোতে সিরি ‘আ’তে ইন্টার মিলান ৩-২ গোলে জিতেছিল নাপোলির বিপক্ষে। সেবার তারা শুরুতেই দুই গোল হজম করেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে গতকালও। এবার সেই চিরচেনা সান সিরো। টুর্নামেন্ট সিরি আ। উদিনেসকে ৫-৩ গোলে হারিয়ে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট পেল ইন্টার মিলান।
মাত্র ৯ মিনিটেই গোল হজম করে ইন্টার মিলান। ডি বক্সের বাইরে থেকে উনাই গোমেসের ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন উদিনেস ডিফেন্ডার জেমস আবানকওয়া। ইন্টার মিলান গোলরক্ষক জোসেফ মার্তিনেস কিছুই বুঝে উঠতে পারেননি। তাঁকে বোকা বানিয়ে উদিনেস আদায় করে নেয় দ্বিতীয় গোল। ১৬ মিনিটে উদিনেস ডিফেন্ডার কেইনান ডেভিস ডিফেন্ডারদের বোকা বানিয়ে পাস দেন ইয়ুর্গেন এক্কেলেনকাম্পকে। আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন এক্কেলেনকাম্প।
ম্যাচের ২০ মিনিট পূর্ণ হওয়ার আগেই ২-০ গোলে পিছিয়ে পড়া ইন্টারের ওপর চাপ বাড়ে। ঘরের মাঠে কিছুতেই কিছু করতে পারছিল না। যেখানে মার্কাস থুরামের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন উদিনেসের গোলরক্ষক মাদুকা ওকোয়ে। ফিরতি বলেও থুরামের প্রচেষ্টা রুখে দেন তিনি। তবে বারবার সুযোগ মিস করা ইন্টার প্রথম গোলের দেখা পায় ২৬ মিনিটে। বাঁ পায়ে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন কার্লোস আগুস্তো।
আগুস্তোর গোলের ৯ মিনিট পর ইন্টার মিলান পায় দ্বিতীয় গোলের দেখা। ৩৫ মিনিটে থুরামের অ্যাসিস্টে বাঁকানো শটে সমতাসূচক গোল করেন নিকোলো বারেলা। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়। দুই গোলে পিছিয়ে থেকে সমতায় ফেরার পর ইন্টার মিলান আরও বেশি মরিয়া হয়ে ওঠে। যদিও কয়েকবার বাঁধার মুখে পড়ে ইন্টার মিলান। ৪৯ মিনিটে হেনরিখ মেখিতারিয়ানের শট প্রতিহত করেন উদিনেস গোলরক্ষক ওকোয়ে। দ্রুত দলকে আরও একবার গোলের হাত থেকে দলকে বাঁচান উদিনেস গোলরক্ষক। ৫৩ মিনিটে আগুস্তো গোলের চেষ্টা করেন।
যেভাবে ইন্টার মিলান দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে, তাতে অসহায় হয়ে পড়ে উদিনেস। দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় স্বাগতিকেরা। যার শুরুটা ৫৭ মিনিটে করেন থুরাম। ঠিক ১০ মিনিটের পায় চতুর্থ গোলের দেখা পায় ইন্টার। ৬৭ মিনিটে পিওতর জেলেনিস্কির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন পিও এসপোসিতো।