এ যেন শেষ হয়েও হলো না শেষ। টরন্টোতে আজ বাংলাদেশ সময় ভোরে শেষ বত্রিশের পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের শেষ দিকে যা হলো, তা রীতিমতো অবাক করার মতো। গোলের উৎসব করার কিছুক্ষণের মধ্যেই ক্রোয়াট ফুটবলারদের চেহারায় ভেসে ওঠে বিষাদের কালো ছায়া। এই গোল বাতিল হওয়ায় শেষ বত্রিশের বাধা পেরোতে পারল না ক্রোয়েশিয়া।
টরন্টোতে ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ। যোগ করা সময়ের ৬ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন গনসালো রামোস। কিন্তু নাটকীয়তা তো তখনো বাকি। যোগ করা সময়ের ১২ মিনিটে গোল করেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ইয়োস্কো ভার্দিওল। গোলের পর ক্রোয়াটরা উৎসবে মাতলেও মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। রেফারি এস্পেন এস্কাস ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই করে দেখা যায় যে মারিও পাসালিচ ছিলেন অফসাইডে।
পাসালিচ অফসাইড হয়েছিলেন মূলত ইগর মাতানোভিচের কারণে। সেটাও খুব সামান্য ব্যবধানে। বল জালে জড়ানোর আগে মাতানোভিচের চুল ছুঁয়ে যায়। বল তাঁর চুল ছুঁয়েছে কি না, সেটা নিয়ে স্বয়ং মাতানোভিচ দ্বিধায় ছিলেন। ম্যাচ শেষে ক্রোয়াট ফরোয়ার্ড বলেন, ‘আসলে আমার মনে হচ্ছিল চুলে হালকা হলেও বল লেগেছে। রেফারিকেও জিজ্ঞেস করেছিলাম। রেফারি আমাকে জানালেন যে বলের ভেতর লাগানো চিপে চুলের হালকা স্পর্শ ধরা পড়েছে।’
অন্তিম মুহূর্তে গোল বাতিল হওয়ায় ক্রোয়েশিয়ার পক্ষে আর জেতা সম্ভব হয়নি। ক্রোয়াট ভক্ত-সমর্থকেরাও হতাশায়, ক্ষোভে মাঠে বোতল ছুড়ে মারেন। হারের পর রেফারিংকে পুরোপুরি দায়ী না করলেও ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের মতে ভিএআর প্রযুক্তি ফুটবলের আনন্দ নষ্ট করে দিচ্ছে। ম্যাচ শেষে কোচ বলেন, ‘ক্রোয়েশিয়া হেরেছে। আমি কোনো অজুহাত দিচ্ছি না। কিন্তু রেফারিং খুব বাজে হয়েছে। ভিএআর যে কখনোই ফুটবলের উপকারে আসে না, সেটা বলছি না। কিন্তু মাঝে মাঝে খেলার আমেজ নষ্ট করে দেয়।’
টরন্টোতে আজ ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পর্তুগাল কেটেছে শেষ ষোলোর টিকিট। যেখানে ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়াটরা। পর্তুগালের সমতায় ফিরতে লেগেছে ১৫ মিনিট। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর যোগ করা সময়ে রামোস হেডে করেন জয়সূচক গোল।
শেষ ষোলোতে এখন পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। লস অ্যাঞ্জেলেসে গত রাতে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন। শেষ বত্রিশের ম্যাচটিতে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল। অপর গোল করেন পেদ্রো পোরো। ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে শুরু হবে স্পেন-পর্তুগাল শেষ ষোলোর ম্যাচ।