হোম > খেলা > ফুটবল

মেসি ভেলকিতে প্লে-অফে মায়ামি

ক্রীড়া ডেস্ক    

গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির এমএলএস কাপের প্লে-অফ নিশ্চিত হয়েছে। ছবি: এএফপি

৩৯ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে কি তা বোঝার উপায় আছে! এখনো তিনি তাঁর জাদু দেখিয়ে চলেছেন। গোলের পর গোল তো তিনি করছেন। সতীর্থদের দিয়ে করাচ্ছেন গোলও। আজ তিনি দেখালেন আরও এক ম্যাজিক। টুর্নামেন্টেও আরেক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।

নু স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-নিউইয়র্ক সিটি এফসি ম্যাচ। ২-০ গোলে জিতে এমএলএস কাপের প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি। গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন। জাতীয় দলের সাবেক সতীর্থ রদ্রিগো দি পলকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি।

ইন্টার মায়ামি-নিউইয়র্ক সিটি এফসি ম্যাচে আর্জেন্টিনার ফুটবলারদের রাজত্ব দেখা গেছে আজ। ২০ মিনিটে লুইস সুয়ারেসের অ্যাসিস্টে গোল করেন মায়ামির আর্জেন্টাইন স্ট্রাইকার হারমান বেরতোরেম। প্রথমার্ধের শেষভাগে এসে দেখা গেল আর্জেন্টাইন যুগলবন্দী। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে ডান প্রান্ত থেকে পাস দেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অ্যাসিস্টে গোল করেন দি পল।

ম্যাচের শেষভাগে এসে গোলের সুযোগ পায় নিউইয়র্ক সিটি এফসি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে তাইলেস ম্যাগনোকে ফাউল করেন মায়ামির ইয়ান ফ্রে। তবে যোগ করা সময়ের সপ্তম মিনিটে নিউইয়র্কের নিকোলাস ফার্নান্দেস মার্কাউয়ের শট প্রতিহত করেন ডেইন সেইন্ট ক্লেয়ার। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে এমএলএস কাপের প্লে অফ নিশ্চিত করে ইন্টার মায়ামি।

২৯ ম্যাচে ১৪ জয়, ১০ ড্র ও ৫ হারে ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৫২। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে এখন তারা। ২৩ গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা তিনি। অ্যাসিস্ট করেছেন ১২ গোলে। এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে ৪২৭ অ্যাসিস্ট করেছেন। যার মধ্যে আর্জেন্টিনার হয়ে ৬৮ অ্যাসিস্ট করেছেন। গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।