বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে সবচেয়ে সহজ পথ পাড়ি দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিরা এখন এমন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে, যেখানে শীর্ষ ১৫-এর কোনো প্রতিপক্ষের মুখোমুখি না হয়েই সেমিফাইনালে জায়গা করে নিতে পারে তাঁরা।
শেষ কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনা জিতলে সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষও দ্রুত জানা হয়ে যাবে। কারণ এর ৪ ঘণ্টা আগে মায়ামিতে বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। সেই ম্যাচের জয়ী দলের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে তিনবারের চ্যাম্পিয়নরা।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পথ ছিল তুলনামূলক সহজ। স্কালোনির শিষ্যরা হারিয়েছে আলজেরিয়া (ফিফা র্যাঙ্কিংয়ে ২৮তম), অস্ট্রিয়া (২৪তম), জর্ডান (৬৩তম), কেপ ভার্দে (৬৭তম) এবং কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ডও রয়েছে ১৯তম স্থানে। অর্থাৎ, সেমিফাইনালে উঠতে পারলে শীর্ষ ১৫ দলের কারও মুখোমুখি হতে হচ্ছে না আর্জেন্টিনাকে।
অন্যদিকে ইংল্যান্ডও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর কোনো দলের বিপক্ষে খেলেনি থ্রি লায়ন্সরা। তাদের সবচেয়ে শক্তিশালী দুই প্রতিপক্ষ ছিল ১১তম স্থানে থাকা ক্রোয়েশিয়া এবং ১৪তম স্থানে থাকা মেক্সিকো।
বিপরীতে সবচেয়ে কঠিন পথ পাড়ি দিয়েছে নরওয়ে। সম্ভাব্য সেমিফাইনালে ওঠার আগে ইতোমধ্যেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর তিন দলের মুখোমুখি হয়েছে ইউরোপের দলটি। নরওয়েজিয়ানদের প্রতিপক্ষ ছিল তিন নম্বরে থাকা ফ্রান্স, ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিল এবং কোয়ার্টার ফাইনালে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড।