শীতকালীন দলবদলে নেদারল্যান্ডসের তরুণ ডিফেন্ডার রুদ নিজস্তাদকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ১৮ বছর বয়সী এই ফুটবলারকে পেতে আগ্রহী কাতালান ক্লাবটি। তবে চাইলেই তাঁকে পাওয়া সহজ হচ্ছে না। এর জন্য আর্থিক ও ক্রীড়াসংক্রান্ত দুটি বড় বাধা পেরোতে হবে বার্সেলোনাকে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর খবর অনুযায়ী, এফসি টোয়েন্টের এই ডিফেন্ডারকে পেতে নতুন করে ডাচ ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছে বার্সেলোনা। শুরুতে নেদারল্যান্ডসে থেকেই ক্যারিয়ারের উন্নতি চালিয়ে যেতে চেয়েছিলেন নিজস্তাদ। তবে বার্সেলোনার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার পর সিদ্ধান্ত বদলেছেন তিনি। বিশেষ করে তরুণ ফুটবলারদের জন্য বার্সেলোনার নীতি তাঁকে আকৃষ্ট করেছে। যার কারণে ক্লাবটিতে যোগ দিতে আগ্রহী নিজস্তাদ।
নিজস্তাদকে দলে নিতে বার্সেলোনার প্রথম বাধা ট্রান্সফার ফি। তাঁকে ছাড়তে ২ কোটি ইউরোর বেশি দাবি করছে টোয়েন্টে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৭২ কোটি ৬০ লাখ টাকা। মাত্র ১৮ বছর বয়সী এই ডিফেন্ডারের শীর্ষ পর্যায়েও অভিজ্ঞতা খুব বেশি নয়। তাই এত বড় অঙ্কের বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ মনে করছে বার্সেলোনা।
দ্বিতীয় বাধা টোয়েন্টের শর্ত। জানুয়ারিতে নিজস্তাদকে বিক্রি করতে রাজি হলেও চলতি মৌসুমের বাকি সময় তাঁকে নিজেদের দলে রাখতে চায় ডাচ ক্লাবটি। সে জন্য চুক্তি সম্পন্ন হওয়ার পর আগামী জুন পর্যন্ত তাঁকে ধারে নিজেদের দলে রাখার প্রস্তাব দিয়েছে তারা। ফলে ট্রান্সফার ফির পাশাপাশি খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়েও দুই ক্লাবকে সমঝোতায় পৌঁছাতে হবে।
নিজস্তাদকে পেতে বার্সেলোনাকে অবশ্য আরও কয়েকটি ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাঁকে নজরে রেখেছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডও। ইংলিশ ক্লাবগুলোর আগ্রহ বাড়লে দলবদলের লড়াই যেমন কঠিন হবে, তেমনি বেড়ে যেতে পারে তাঁর দামও।
অবশ্য খেলোয়াড় হিসেবে নিজস্তাদের সামর্থ্য নিয়ে বার্সেলোনার কোনো সংশয় নেই। ক্লাবটির স্কাউটিং ও টেকনিক্যাল বিভাগের মূল্যায়নও ইতিবাচক। বাঁ পায়ের এই ডিফেন্ডার রক্ষণ থেকে বল বের করে আক্রমণ গড়ে তুলতে দক্ষ। ভবিষ্যতে নিজেকে আরও মেলে ধরার যথেষ্ট সুযোগও রয়েছে তাঁর।
নিজস্তাদকে পেতে বার্সেলোনার বড় ভরসা খেলোয়াড়ের নিজের পছন্দ। তিনি নিজেই ক্লাবটিতে যোগ দিতে আগ্রহী। বার্সেলোনার ফুটবল দর্শনের সঙ্গে তাঁর নিজের ভাবনার মিল খুঁজে পেয়েছেন এই ডিফেন্ডার। তাঁর প্রতিভায় আস্থা রাখা প্রথম বড় ইউরোপীয় ক্লাবও বার্সেলোনা। দুই পক্ষের এই আগ্রহ শেষ পর্যন্ত দলবদলের আলোচনায় কাতালান ক্লাবটিকে কিছুটা সুবিধা দিতে পারে।