হোম > খেলা > ফুটবল

উড়তে থাকা সুইডিশদের কি থামাবে ডাচরা

ক্রীড়া ডেস্ক    

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে সুইডেন। আজ রাতে সুইডিশরা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ছবি: এএফপি

আকাশ উড়ছে সুইডেন। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস দলটির। তবে দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তিউনিসিয়াকে উড়িয়ে দিলেও দল হিসেবে সুইডেনের সত্যিকারের পরীক্ষা নেবে ডাচরাই।

প্রথম ম্যাচে এশীয় পরাশক্তি জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। তাই নকআউটের পর্বের পথে ফিরতে এই ম্যাচ জিততেই হবে রোনাল্ড কোম্যানের দলকে।

বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডস রয়েছে ৮ নম্বরে, আর সুইডেন ৩৪ নম্বরে। র‍্যাঙ্কিংয়ের বিচারে ডাচরা অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্মে আত্মবিশ্বাসের জায়গায় সুইডেনের পাল্লাই ভারী। বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্সের পর গ্রাহাম পটারের অধীনে দলটি নতুন প্রাণ ফিরে পেয়েছে। ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে আসা সুইডেন এখন টানা কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে ইতিবাচক ফল পেয়েছে।

অন্যদিকে নেদারল্যান্ডস টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিবেচিত হলেও ড্র দিয়ে শুরু করেছে বিশ্বকাপ। তবে জাপানের বিপক্ষে ড্র করলেও তাদের স্কোয়াডে অভিজ্ঞতা ও মানের ঘাটতি নেই। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, দ্রুত আক্রমণ গড়া এবং উইং ব্যবহার করে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষমতা ডাচদের বড় শক্তি।

সুইডেনের প্রধান ভরসা আক্রমণভাগ। তিউনিসিয়ার বিপক্ষে গোল পেয়েছেন আলেক্সান্দার ইসাক ও ভিক্টর গিয়োকেরেস—ইউরোপের দুই ফর্মে থাকা ফরোয়ার্ড। একজনের গতি ও ড্রিবলিং, অন্যজনের শারীরিক শক্তি ও ফিনিশিং প্রতিপক্ষের জন্য বড় হুমকি। মাঝমাঠে ইয়াসিন আয়ারির সৃজনশীলতাও দলটিকে নতুন মাত্রা দিয়েছে।

সুইডেন কোচ গ্রাহাম পটার অবশ্য সতর্ক। তাঁর মতে, তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় কেবল ভালো শুরুর ইঙ্গিত, এর বেশি কিছু নয়। কারণ, এবার প্রতিপক্ষ এমন একটি দল, যাদের তিনি টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে দেখছেন।

বিশ্বকাপ ইতিহাসও ম্যাচটিকে বাড়তি মাত্রা দিচ্ছে। ১৯৫৮ সালে ফাইনাল খেলা সুইডেন ২০২২ বিশ্বকাপে জায়গা পায়নি। তবে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে তৃতীয় হওয়ার স্মৃতিময় মঞ্চে ফিরে আবারও স্বপ্ন দেখছে স্ক্যান্ডিনেভিয়ানরা। আর নেদারল্যান্ডস চাইবে তাদের ঐতিহ্য ও সামর্থ্যের প্রতিফলন ঘটিয়ে নকআউটের পথে বড় পদক্ষেপ নিতে।

র‍্যাঙ্কিং, অভিজ্ঞতা ও তারকার বিচারে নেদারল্যান্ডস এগিয়ে। কিন্তু আত্মবিশ্বাস, গতি এবং পটারের অধীনে নতুন করে জেগে ওঠা সুইডেন প্রমাণ করেছে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হিউস্টনে তাই অপেক্ষা করছে জমাট এক লড়াই।

‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’

ছেলে কুনিয়ার গোল দেখে কাঁদলেন তাঁর মা

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের ফুটবলার

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

গোলের পর সার্ফিং উদ্‌যাপনের পেছনে গল্প শোনালেন কুনিয়া

‘ইরানের সঙ্গে যা করা হচ্ছে, তা বিশ্বকাপ ইতিহাসের কালো অধ্যায়’

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ব্রাজিলের

ম্যাচসেরার পুরস্কারে বিয়ার পেয়ে ভিনিসিয়ুস বললেন, ‘আমরা ভাত খাই’

গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্রাজিলকে এখন কী করতে হবে