লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্য নীরবে নিভৃতে করার থাকলেও সেটা তো আর করা গেল না। স্থানীয় সংবাদমাধ্যমের ক্যামেরায় ধারণ করা হয়েছে শেষকৃত্যের কিছু মুহূর্ত। এমন ঘটনায় মেসি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
রোজারিওর এল প্রাদো কবরস্থানে গতকাল স্থানীয় সময় দুপুরে শেষ হয়েছে মেসির বাবার শেষকৃত্য। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে নিকট আত্মীয় স্বজনদের উপস্থিতিতে হয়েছে এই অনুষ্ঠান। পরিবারের প্রাইভেসি নিশ্চিত করতে দুপুর থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এল প্রাদো। তবু সংবাদমাধ্যমের নজর এড়ানো গেল না। এমন ঘটনায় ভীষণ খেপেছেন মেসি। তাঁর আইনজীবী দেশটির একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন বলে স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। পরিবারের প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে করা হচ্ছে এই মামলা। যদিও কাদের বিরুদ্ধে হচ্ছে মামলা, তা জানা যায়নি।
বাবার মৃত্যুর খবর পেয়ে মেসি পরশু রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যক্তিগত বিমানে করে রোসারিও পৌঁছান। জন্মশহরে পৌঁছে তাঁর মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সলের সঙ্গে শেষকৃত্যে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
মেসির প্রতি সমর্থন জানাতে কয়েক জন ভক্ত রোসারিও বিমানবন্দর ও সমাধিস্থলে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন বার্তা লিখে রেখে গিয়েছেন। এল প্রাদোর বেড়ায় ঝোলানো একটি বার্তায় লেখা ছিল: ‘শক্ত থাকুন, লিও। আমরা আপনাকে ভালোবাসি।’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কোচিং স্টাফের সদস্যরাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের মালা পাঠিয়েছেন।
অনেক দিন ধরেই মেসির বাবা হোর্হে মেসি অসুস্থ ছিলেন। শনিবার আর্জেন্টিনার স্থানীয় সময় সকালে ৬৮ বছর বয়সে বিশ্বজয়ী ফুটবলারের বাবা মারা গিয়েছেন। মেসির দীর্ঘদিনের এজেন্ট ছিলেন তাঁর বাবা। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত ও আলোচনাতেও যুক্ত ছিলেন হোর্হে।এএফএর নির্দেশে সপ্তাহের শেষে সব পেশাদার ও যুব পর্যায়ের ম্যাচ শুরুর আগে হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং রেফারিদেরও কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়। ১৪ আগস্ট পর্যন্ত শোকের প্রতীক হিসেবে এএফএর সকল স্থাপনায় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।