জাতীয় দলের জার্সিতে ফেরার পর আবারও চোটের ধাক্কা খেলেন বিশ্বনাথ ঘোষ। পেশির চোটে ফিফা আসিয়ান কাপের দল থেকে ছিটকে গেছেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। আজ জাতীয় দলের টিম হোটেলও ছেড়েছেন তিনি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলনে ব্যস্ত সময় কাটছিল বিশ্বনাথের। আসিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতিতে মনোযোগী ছিলেন এই ডিফেন্ডার। অনুশীলনের মধ্যেই পেশিতে চোট পান তিনি।
এ ধরনের পেশির চোট থেকে সুস্থ হতে সাধারণত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। সে হিসাবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসিয়ান কাপে খেলার সুযোগ নেই বিশ্বনাথের। তবে পুনর্বাসন ঠিকঠাক হলে নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ফিরতে পারেন তিনি।
চোট যেন বিশ্বনাথের জাতীয় দলে ফেরার পথেরই সঙ্গী। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের মার্চে ফিরেছিলেন তিনি। ফেরার ছয় মাসের মধ্যেই আবার চোটে পড়তে হলো তাঁকে। আসিয়ান কাপ খেলতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।