হোম > খেলা > ফুটবল

এই চারজনকে নিয়ে রাতের খাবার খেতে চান এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক    

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।

আজ দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন এমবাপ্পে। একপর্যায়ে উঠে আসে স্বপ্নের নৈশভোজের প্রসঙ্গ। ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কাতোর প্রতিবেদন অনুযায়ী, চার অতিথি হিসেবে এই চার তারকাকে বেছে নেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।

রান্না করতে যে তিনি খুব একটা পছন্দ করেন না, সেটিও মজার ছলে জানিয়ে দেন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমি রান্না করি না। রান্না শুরু করলে সবাই দ্রুত বাড়ি ফিরে যাবে। তার চেয়ে বরং কিছু খাবার অর্ডার করি?’

কেন এই চারজনকে বেছে নিয়েছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন এমবাপ্পে। বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ফ্রান্স অধিনায়ক বলেন, ‘মাইকেল জর্ডান আমার অনুপ্রেরণার উৎস। একবার তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। তাঁর ক্যারিয়ার নিয়ে কথা বলতে আমি তাঁর সঙ্গে আরও সময় কাটাতে চাই।’

রোনালদোর সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেছেন এমবাপ্পে। পর্তুগিজ তারকাকে একসময় নিজের আদর্শ হিসেবে মানতেন তিনি। এখন তাঁদের সম্পর্ক বন্ধুত্বের। এমবাপ্পে বলেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদো একসময় আমার আদর্শ ছিলেন, আর এখন তিনি আমার বন্ধু। তাঁর সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে, যাতে তিনি আমাকে পরামর্শ ও সমর্থন দিতে পারেন। আর তিনি জানেন, আমিও সব সময় তাঁকে সমর্থন করব।’

টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের কাছ থেকেও অনুপ্রেরণা নিতে চান এমবাপ্পে, ‘সেরেনা উইলিয়ামস, কারণ আমি এমন একটি খেলায় তাঁর কাছ থেকে অনেক অনুপ্রেরণা নিতে চাই, যে খেলাটিকে আমি ভীষণ পছন্দ করি।’

তালিকার শেষ নামটি সংগীতশিল্পী রিহানা। তাঁকে নিয়ে এমবাপ্পের সরল স্বীকারোক্তি, ‘আর হয়তো পরে রিহানাকে রাখব। আমি রিহানাকে ভালোবাসি।’