আর্জেন্টিনা কিকি রামোসের কাছে একেবারে অচেনা নয়। সেদেশেরই এক ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে তিনি নিয়মিত খেলছেন। যে আর্জেন্টিনা তাঁর কাছে এত পরিচিত, সেই দেশের জার্সিতেই রামোসকে দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু বিশ্বকাপে দেখা গেল অন্য এক দেশের জার্সিতে।
রামোসের বেড়ে ওঠা, ফুটবল প্রশিক্ষণ সবই আর্জেন্টিনায়। তবে তিনি নিজের জন্মভূমি হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে রামোসের দলের পথচলা শেষ হয়ে গেছে। হারের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম বোলাভিপকে সাক্ষাৎকার দিয়েছেন রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘আমি মনে করেছিলাম, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আমার জন্য খুব কঠিন হবে। এরপর হাইতির হয়ে খেলার সুযোগ আসে। তবে সিদ্ধান্ত নেওয়াও সহজ ছিল না।’
এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এক গোল করেছেন রামোস। পুরো টুর্নামেন্টে তিনি হাইতির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নজর কেড়েছেন। সৌদি আরবের বিপক্ষে দলের একমাত্র গোল এসেছে রামোসের পা থেকেই। কিন্তু ‘ডি’ গ্রুপের দলটি কোনো পয়েন্ট ছাড়াই সবার শেষে থেকে বিদায় নিয়েছে। তিন ম্যাচে হাইতি ৯ গোল হজম করেছে। বিপরীতে করেছে ৩ গোল।
হাইতি রামোসের জন্মভূমি হলেও আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর ১৭ বছর বয়সী ফুটবলার বলেন, ‘আমার স্বপ্ন সব সময়ই ছিল আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা। কিন্তু বিশ্বকাপে খেলার সুযোগ পেলে, আমার মনে রাজি হয়ে যেতাম।’
রামোস ভেলেজ সার্সফিল্ডের যুব একাডেমির অন্যতম প্রতিভাবান ও সম্ভাবনাময় ফুটবলার। ছোটবেলায় হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে আর্জেন্টিনায় আসেন তিনি। এক আর্জেন্টাইন পরিবার তাঁকে দত্তক নেওয়ার পর সেখানেই তাঁর বেড়ে ওঠা। বর্তমানে তাঁর কথাবার্তা ও প্রকাশভঙ্গিতেও আর্জেন্টাইন পরিচয়ের ছাপ স্পষ্ট।
রামোস এই বিশ্বকাপে হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ভবিষ্যতে আর্জেন্টিনার হয়েও খেলার সুযোগ তাঁর রয়েছে। কারণ, ফিফার নিয়ম অনুযায়ী, সিনিয়র জাতীয় দলের হয়ে অন্তত তিন ম্যাচ না খেললে তাঁর জাতীয়তা পরিবর্তনের সুযোগ পুরোপুরি বন্ধ হচ্ছে না।
হাইতি বিদায় নিলেও আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ বত্রিশ রাউন্ডে উঠেছে। গতকাল ডেনমার্কের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা।