হোম > খেলা > ফুটবল

হারতেও জানতে হয়, আর্জেন্টিনাকে স্পেনের ফুটবলারের খোঁচা

ক্রীড়া ডেস্ক    

ফাইনালের পর সেই অপ্রত্যাশিত মুহূর্ত। যেটা নিয়ে আলোচনা-সমালোচনা এখনো শেষ হয়নি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় ফাইনালের উত্তাপ মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। সেই ঘটনা টেনে এবার আর্জেন্টিনাকে খোঁচা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।

দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে রুইজ বলেন, ফাইনালের পরের সেই দৃশ্য বিশ্ব ফুটবলের জন্য মোটেও সুখকর নয়। বিশেষ করে উঠতি ফুটবলাররা সেই সংঘর্ষ থেকে ভালো উদাহরণ পায়নি বলেই মনে করছেন ক্লাব পর্যায়ে পিএসজির হয়ে খেলা এই তারকা ফুটবলার।

রুইজ বলেন, ‘এটি এমন একটি দৃশ্য, যা সবাই দেখেছে এবং কেউই দেখতে পছন্দ করে না। ফুটবল অনুসরণ করে এমন অনেক ছোট শিশু আছে, তাদের সামনে আমাদের এমন কিছুকে উদাহরণ হিসেবে তুলে ধরা উচিত নয়।’

এরপরই আর্জেন্টিনাকে কটাক্ষ করেন রুইজ, ‘জিততে জানতে হবে, হারতেও জানতে হবে। কেউই হারতে পছন্দ করে না, কিন্তু বিশ্বকাপের ফাইনালে যা ঘটেছে, সেটি ছিল দুর্ভাগ্যজনক একটি মুহূর্ত।’

রুইজ অবশ্য ফাইনালের পরের সেই ঘটনা দীর্ঘায়িত করতে চান না। তিনি বলেন, ‘আমরা সবসময় ভালো উদাহরণ স্থাপনের চেষ্টা করি, কারণ ছোট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—সবাই ফুটবল দেখে। এটি এমন একটি মুহূর্ত ছিল, যা কেউই উপভোগ করেনি। তবে আশা করি, সময়ের সঙ্গে এটি ভুলে যাওয়া হবে এবং মানুষের স্মৃতিতে থেকে যাবে আমাদের অবিস্মরণীয় উদ্‌যাপন।’

ফাইনালের পর সংঘর্ষে থাকা ফুটবলারদের মধ্যে অন্যতম আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও নাউয়েল মলিনা। দলটির কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ঘটনাটির জন্য ফিফা পারেদেসকে ১০ ম্যাচ, মোলিনাকে ৭ ম্যাচ এবং আয়ালাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

ফাইনাল শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বলেছিলেন, ‘আমরা জয়ে যেমন ভালো, হারেও তেমন ভালো হতে হবে। আজ আমরা দেখিয়েছি যে আমরা হারতেও জানি। আমরা ম্যাচটি হেরেছি এবং তা মেনে নিচ্ছি।’

স্কালোনির সেই বক্তব্যের পরও ফাইনাল-পরবর্তী সংঘর্ষ নিয়ে বিতর্ক থামেনি। এবার রুইজের মন্তব্য সেই বিতর্কে যোগ করল নতুন মাত্রা।