হোম > খেলা > ফুটবল

ফিফার ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা, আপিলের আশায় আল-আমিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

১৫ ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন আল-আমিন। ছবি: সংগৃহীত

জাতীয় দলে ফেরার অপেক্ষা শেষ হয়েছিল গত বছর। এবার আন্তর্জাতিক ফুটবলে ফেরার পথেই বড় ধাক্কা। গত জুনে মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায় ফিফার কাছ থেকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশি ফরোয়ার্ড আল-আমিন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এরই মধ্যে ফিফার শাস্তির চিঠি পেয়েছে। আল-আমিনও জানিয়েছেন, চিঠিটি তিনি হাতে পেয়েছেন। তবে শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর আশা, আপিলে নিষেধাজ্ঞার মেয়াদ কমতে পারে।

আল-আমিনের কাছে ১৫ ম্যাচের শাস্তিটা অবশ্য অনেক বেশি মনে হচ্ছে। একই ঘটনায় অন্যদের কম ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর ক্ষেত্রে কেন এত বড় শাস্তি।

আজকের পত্রিকাকে আল-আমিন বলেন, ‘আমি ভুল করেছি, ভুল স্বীকার করেছি। সবই ঠিক আছে। আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। কিন্তু ১৫ ম্যাচ অনেক বেশি হয়ে যাচ্ছে না? আমার তো দুই বছর চলে যাবে।’

জাতীয় দল বছরে সাত-আটটির বেশি ম্যাচ না খেলায় ১৫ ম্যাচের নিষেধাজ্ঞার অর্থ প্রায় দুই বছর আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা। ফলে সামনের সময়ে জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁকে পাওয়া যাবে না। নিষেধাজ্ঞার পরিমাণ কমাতে বাফুফে আপিল করবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

মালদ্বীপে অনুষ্ঠিত ওই চার জাতির টুর্নামেন্টের শেষ ম্যাচে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের উত্তেজনা থেকে হাতাহাতি হয়। ঘটনার পর বাফুফে তদন্ত কমিটিও করেছিল। এর আগে ওই ঘটনায় বাংলাদেশের ম্যানেজার ও মিডফিল্ডার মিরাজুলকে শাস্তি দিয়েছিল ফিফা।