হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনাকে প্রত্যাখ্যান করে নিজ দেশের হয়েই খেলবেন এই ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনা নয়, অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস। ছবি: সংগৃহীত

বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনার ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে খেলেন স্টিফেন কিকি রামোস। হয়তো ভক্ত-সমর্থকদের অনেকেই তাঁকে আর্জেন্টিনার হয়ে দেখার অপেক্ষায় ছিলেন। তবে শেষ পর্যন্ত জন্মস্থান হাইতির হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে হাইতির হয়ে রামোস খেলবেন বলে গতকাল সেটা নিশ্চিত করেছে হাইতি ফুটবল ফেডারেশন (এফএফএইচ)। এক বিবৃতিতে এফএফএইচ বলেছে, ‘স্টিফেন অস্কার রামোস। তাঁর ডাকনাম কিকি। ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-অ-প্রিন্সে জন্ম নেওয়া এই তরুণ ভেলেজ সার্সফিল্ডের খেলোয়াড় হাইতিকে বেছে নিয়েছেন। তিনি ব্রাজিলে হাইতির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন! গ্রেনাডিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানাচ্ছে এফএফএইচ। তাঁর এজেন্ট ও ভেলেজ সার্সফিল্ডকে সহায়তার জন্য ধন্যবাদ। কিকি, তোমার ঘরে তোমাকে স্বাগত।’

আর্জেন্টিনা রামোসের কাছে ঘরের মতো। বয়সভিত্তিক ফুটবলে ভেলেজ সার্সফিল্ডের হয়ে খেলার পাশাপাশি আর্জেন্টিিনার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের হয়েও খেলেছেন। তবে সামাজিক মাধ্যমে একটা আলোচনা অনেক দিন ধরেই চলছে। সেটা হলো, তাঁর শিকড় কোথায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে একটু পেছনে। ২০১০ সালের ভয়াবহ হাইতি ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর দেড় বছর বয়সেই আর্জেন্টিনায় চলে যান। পরে একটি আর্জেন্টাইন পরিবার তাঁকে দত্তক নেয়। বুয়েনস এইরেসে বেড়ে ওঠার পাশাপাশি খেলা শুরু করেন ভেলেজ সার্সফিল্ডের জার্সিতে।

গতি, শারীরিক শক্তি ও আক্রমণাত্মক দক্ষতার জন্য পরিচিত রামোস এরই মধ্যে অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে আবির্ভূত হয়েছেন। সম্প্রতি ভেলেজ সার্সফিল্ডের সিনিয়র দলের সঙ্গে চুক্তিও করেছেন তিনি। যদিও এখনো ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয়নি তাঁর।

আর্জেন্টিনার যুব দলের হয়ে আগে কয়েকটি ম্যাচ খেললেও সিনিয়র পর্যায়ে হাইতির হয়ে খেলার যোগ্যতা রয়েছে রামোসের। কারণ, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিলে কোনো খেলোয়াড় স্থায়ীভাবে সেই দেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য আবদ্ধ হয়ে যান না। ফলে হাইতির হয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে তাঁর।

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে হাইতি পড়েছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে। ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে হবে এই টুর্নামেন্ট।