হোম > খেলা > ফুটবল

আগে যা হয়নি, ইনফান্তিনো সেটিই করেছেন—দাবি ব্রাজিলিয়ান কিংবদন্তির

ক্রীড়া ডেস্ক    

এক ফ্রেমে কাফু ও ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।

কাফুর মতে, আগে যেখানে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের মতামত যথেষ্ট গুরুত্ব পেত না, সেখানে এখন তাঁদের কমিটি, প্রকল্প ও ওয়ার্কিং গ্রুপে যুক্ত করা হচ্ছে। এতে ফুটবলের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।

কাফু বলেন, ‘গত ১০ বছর ধরে আমরা ফিফা ও সভাপতি ইনফান্তিনোর সেই কাজ দেখে আসছি, যার মাধ্যমে ফুটবলে প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে—যা এর আগে কখনো হয়নি। কমিটি, প্রকল্প ও ওয়ার্কিং গ্রুপে অংশ নেওয়ার মাধ্যমে খেলোয়াড় ও সাবেক খেলোয়াড়দের কথা বলার সুযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে জায়গা দেওয়া হয়েছে।’

সাবেক রাইট ব্যাক কাফু মনে করেন, সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা কেবল আনুষ্ঠানিক বা দূতিয়ালি দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। মাঠের অভিজ্ঞতা থেকে পাওয়া তাঁদের মতামত ফুটবলের বিভিন্ন উদ্যোগ ও নীতিতে প্রভাব ফেলছে।

কাফু বলেন, ‘আমাদের মতামত শোনা হয় এবং খেলাটির স্বার্থে নেওয়া অনেক উদ্যোগ আমাদের ভাবনা, ধারণা, পরিকল্পনা ও অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠেছে।’

ফুটবলের সামাজিক প্রভাবের কথাও তুলে ধরেছেন কাফু। তাঁর বিশ্বাস, খেলাটি মানুষের জীবন বদলানোর পাশাপাশি সমাজের উন্নয়ন ও সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ‘আমরা জানি, ফুটবল কীভাবে মানুষের জীবন বদলে দিতে পারে, সমাজের উন্নতি করতে পারে এবং সারা বিশ্বের মানুষের জন্য সুযোগ তৈরি করতে পারে; আর আমরা তাদের মধ্যে সেই আশা ছড়িয়ে যেতে সহায়তা করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’