হোম > খেলা > ফুটবল

লেস্টার ছেড়ে শেফিল্ডে ফিরছেন হামজা

ক্রীড়া ডেস্ক    

শেফিল্ডে ফিরছেন হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দলবদলের শেষ দিনে তাঁর শেফিল্ডে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে লেস্টারশায়ার লাইভ।

দুই ক্লাবের মধ্যে হামজাকে বিনা ট্রান্সফার ফিতে ছাড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। গতকাল তাঁর মেডিকেল হওয়ার কথা ছিল। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাত ১১টায় ইংল্যান্ডের দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই চুক্তি সম্পন্ন হবে।

শেফিল্ডে হামজার ফেরা অবশ্য নতুন কিছু নয়। ২০২৪-২৫ মৌসুমে ধারে এই ক্লাবে খেলেছিলেন তিনি। প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে শেফিল্ডের নিয়মিত সদস্য ছিলেন হামজা। তবে প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে তাদের প্রিমিয়ার লিগে ফেরা হয়নি।

এবার অবশ্য ধারে নয়, স্থায়ীভাবে শেফিল্ডে যাচ্ছেন হামজা। রাইট ব্যাক ফেমি সেরিকি চোটে পড়ায় তাঁকে দলে নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার দলবদল শেষ হওয়ার আগেই হামজাকে দলে পেতে চাইছেন।

হামজার ক্যারিয়ারের প্রায় পুরো সময় কেটেছে লেস্টারে। মাত্র সাত বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। বার্টন অ্যালবিয়নে দুই মৌসুম ধারে খেলার পর ২০১৭ সালে লেস্টারের মূল দলে অভিষেক হয় তাঁর। এরপর ক্লাবটির হয়ে ১৬৬ ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। ১১ বছরের ক্যারিয়ারে জিতেছেন এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও চ্যাম্পিয়নশিপের শিরোপা।

লেস্টার বর্তমানে তৃতীয় স্তরের লিগ ওয়ানে খেলছে। ক্লাবটির ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না হামজা। এর মধ্যে তাঁর লেস্টার ছাড়ার সম্ভাবনা জোরালো হয়। ডার্বি কাউন্টির আগ্রহের খবরও এসেছিল। শেষ পর্যন্ত পুরোনো ঠিকানা শেফিল্ডেই ফিরছেন হামজা।

লেস্টারে অবশ্য বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দলবদলের শেষ সময়ে। ওয়ুট ফায়েস ও স্টেফি মাভিদিদিরাও ক্লাব ছাড়তে পারেন। হ্যারি সুটার, কালেব ওকোলি ও অলিভার স্কিপকে নিয়েও অন্য ক্লাবগুলোর আগ্রহ রয়েছে।