বিশ্বকাপের ফাইনালের পর নিজের জন্মশহর পুহাতোতে কয়েকটি দিন কাটিয়ে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে বিদায়ের মুহূর্তেও তিনি রেখে গেছেন এক আবেগঘন স্মৃতি। বাবা-মায়ের বাড়ির দরজায় একটি কার্ডবোর্ডে হাতে লেখা ছোট্ট বার্তা রেখে শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই কোচ।
শনিবার রাতে পুজাতো ছাড়েন স্কালোনি। তাঁর বিদায়ের খবর জানাতে বাবা-মায়ের বাড়ির দরজায় তিনি লিখে যান, ‘লিও গত রাতে চলে গেছে! এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’ মূলত যাঁরা তাঁকে বিদায় জানাতে আসার পরিকল্পনা করেছিলেন, তাঁদের উদ্দেশেই ছিল এই বার্তা।
বিশ্বকাপের ফাইনালের পর স্কালোনির প্রথম গন্তব্য ছিল সান্তা ফে প্রদেশের ছোট্ট শহর পুহাতো। তিন হাজারের কিছু বেশি মানুষের এই শহরে তাঁর আগমন উৎসবের আবহ তৈরি করে। পাঁচ দিন ধরে প্রতিদিন শত শত সমর্থক স্কালোনির বাবা-মায়ের বাড়িতে ভিড় করেন। কেউ স্মৃতিচারণার জন্য ছবি তুলেছেন, কেউ নিয়েছেন অটোগ্রাফ, আবার কেউ শুধু একবার কাছ থেকে শুভেচ্ছা জানাতে এসেছেন।
ব্যস্ততার মাঝেও নিজের শৈশবের স্মৃতির সঙ্গে আবারও মিশে যাওয়ার সুযোগ নিয়েছেন স্কালোনি। শহরের রাস্তায় ও আশপাশের এলাকায় সাইকেল চালিয়ে ঘুরেছেন তিনি। এ ছাড়া কাসিলদার আলুমনি ক্লাবে গিয়ে কাসিলদা লিগের আলুমনি ও স্পোর্তিভো মাতিয়েনসোর ম্যাচও উপভোগ করেন। উল্লেখ্য, স্পোর্তিভো মাতিয়েনসো ক্লাবেই ফুটবলে তাঁর প্রথম পথচলা শুরু হয়েছিল।
পুহাতো ছাড়ার পর স্কালোনির পরবর্তী গন্তব্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, স্পেনের মায়োর্কায় ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। আগামী সেপ্টেম্বরে ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে আবার আর্জেন্টিনা জাতীয় দলের ডাগআউটে দাঁড়ানোর কথা রয়েছে তাঁর। ডিসেম্বরে চুক্তি শেষ হতে যাওয়া স্কালোনি এরপর আর আলবিসেলেস্তেদের ডাগআউটে দাঁড়াবেন কি না, সেটা সময়ই বলে দেবে।