ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
ফরাসি সংবাদপত্র লেকিপ জিদানের প্রথম দল নিয়ে শিরোনাম করেছে, ‘জিদান শুরু থেকেই নিজের সিদ্ধান্ত নিচ্ছেন।’ অন্যদিকে লা প্যারিসিয়ান বলেছে, ‘প্রথম দল ঘোষণাতেই নিজের ছাপ রাখতে শুরু করেছেন নতুন কোচ।’
নেশনস লিগের জন্য ১৮ সেপ্টেম্বর ২৩ সদস্যের দল দেন জিদান। যেখানে জায়গা পেয়েছেন পাঁচজন নতুন মুখ। এরা হলেন গিয়োম রেস্ত, অ্যান্ডি দিয়ুফ, লুকা দা কুনহা, জেরেমি জাকে ও এস্তেবান লেপল। এ ছাড়া প্রায় চার বছর পর দলে ফেরানো হয়েছে আদ্রিয়েন ত্রুফেকে।
অনুমিতভাবেই দলে আছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, আদ্রিয়েন রাবিও, দায়ো উপামেকানো, মাইক মাইগনাঁর মতো তারকা ফুটবলাররা। নেশনস লিগে যথারীতি এমবাপ্পের নেতৃত্বেই খেলবে ফ্রান্স।
দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি। থিও ও লুকা হার্নান্দেজ, অরেলিয়েন চৌমেনি, এনগোলো কন্তে, লুকাস দিন ও মালো গুস্তোর মতো খেলোয়াড়েরা জিদানের প্রথম দলে জায়গা পাননি।
চৌমেনির ক্ষেত্রে জিদান শারীরিক অবস্থাকে কারণ হিসেবে দেখিয়েছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী কন্তেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে নিজের পছন্দ হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি। একই সঙ্গে নতুনদের নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলার।
জিদান বলেন, ‘কোনো বিচ্ছেদ নেই (পুরনো দলের সঙ্গে), এটি ধারাবাহিকতা।’
২৬ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের ডাগআউটে অভিষেক হবে জিদানের। চলতি আন্তর্জাতিক বিরতিতে এরপর বেলজিয়াম ও ইতালির বিপক্ষে মাঠে নামবে ইউরোপিয়ান জায়ান্টরা।