ফুটবলজগতে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিভা সম্পর্কে কারও অজানা থাকার কথা নয়। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে পর্তুগালের জার্সিতে গড়েছেন অসংখ্য রেকর্ড। করেছেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে একের পর এক গোল। আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়া রোনালদোর প্রতিভা এবার দেখা যাবে বিনোদনজগতে। প্রথমবারের মতো করবেন অভিনয়।
রোনালদো এবার প্রথমবারের মতো টেলিভিশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘ডে ওয়ানস’ নামের পরিচিত এই ফুটবলভিত্তিক ড্রামা সিরিজে তিনি কাজ করছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে। সিরিজটিতে স্বয়ং পর্তুগিজ তারকা অভিনয় করবেন। মাঠের বাইরে নিজের ব্যবসায়িক পরিধি বাড়িয়ে চলেছেন।
নতুন প্রকল্পের জন্য রোনালদো খ্যাতনামা ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ভনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছেন ইউআর মার্ভ স্টুডিওস। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই তৈরি হচ্ছে সিরিজটি।
ডে ওয়ানস সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রোনালদো অভিনয় করবেন নিজের চরিত্রেই। আধুনিক ফুটবল ব্যবসার বিপুল অর্থ ও নানা চ্যালেঞ্জের জগৎ উঠে আসবে এই সিরিজে। গল্প তৈরি হবে স্ট্যানলি ডাল্টন নামের এক কাল্পনিক চরিত্রকে নিয়ে। ডাল্টন একজন ব্রিটিশ ফুটবল এজেন্ট। তাকে খেলোয়াড়দের দলবদলের উত্তেজনাপূর্ণ ও জটিল পরিস্থিতি সামাল দিতে হয়।
ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস সিরিজটিতে ডাল্টনের চরিত্রে অভিনয় করবেন। তাঁর সঙ্গে অভিনয় করবেন প্রশংসিত ব্রিটিশ র্যাপার ডেভ। রোনালদোর শেয়ার করা সিরিজটির প্রাথমিক শুটিংয়ের ছবিতেও দেখা গেছে এই দুজনকে। সামাজিক মাধ্যমে গতকাল রাতে এক পোস্টে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘দারুণ সুখবর। আমার প্রথম টিভি শো ‘‘ডে ওয়ানসের’’ নির্মাণকাজ মাত্রই শুরু হয়েছে। সামনে আরও অনেক খবর আসছে।’
ডে ওয়ানস সিরিজটিতে থাকছেন ফুটবলজগতের আরও পরিচিত মুখ। ফ্রান্সের ১৯৯৮ ফুটবল বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরি অভিনয় করবেন এই সিরিজে। রোনালদোর মতো অঁরিও নিজের চরিত্রেই অভিনয় করবেন।
২০০৩ থেকে ২০২৬ পর্যন্ত ২৩ বছরের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। যার মধ্যে পর্তুগালকে বিদায় বলার আগে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল, সর্বোচ্চ ম্যাচ দুটি রেকর্ড এখনো তাঁর নামে। পর্তুগালের জার্সিতে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। পর্তুগালের জার্সিতে ২৩ বছরের ক্যারিয়ারে প্রতিবছরই গোলের দেখা পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে টানা ২৩ বছর গোল করার কীর্তি একমাত্র তাঁরই। তবে আল নাসরের হয়ে এখনো খেলা চালিয়ে যাবেন তিনি। প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত তিনি করেছেন ৯৮৫ গোল।