হোম > খেলা > ফুটবল

আজ ফাইনালের টিকিট কাটবে কে

ক্রীড়া ডেস্ক    

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হবে আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ। ছবি: সংগৃহীত

বুদাপেস্টের ফাইনাল নাকি একরাশ দীর্ঘশ্বাস—আজ রাতে উত্তর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামেই নির্ধারণ হয়ে যাবে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদের ভাগ্য। দুই দলের কেউই কখনো চ্যাম্পিয়নস লিগে শিরোপার দেখা পায়নি। গত সপ্তাহে মাদ্রিদের মেত্রোপলিতানোতে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় আজকের ম্যাচে কোনো দলেরই বাড়তি সুবিধা নেই। বুদাপেস্টের ফাইনালের টিকিট পেতে জয়ের বিকল্প নেই কারোরই।

পরিসংখ্যানের বিচারে আর্সেনাল আজ ঘরের মাঠে পরিষ্কার ফেভারিট। চ্যাম্পিয়ন্স লিগের গত ২৩ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে গানাররা। বিশেষ করে এই মৌসুমেই এমিরেটসে আতলেতিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করার স্মৃতি আর্তেতার শিষ্যদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

ইংল্যান্ডের মাটিতে আতলেতিকোর রেকর্ড বেশ নড়বড়ে; শেষ সাতটি অ্যাওয়ে ম্যাচের ছয়টিতেই হারের মুখ দেখেছে তারা। তবে দিয়েগো সিমিওনে এমন একজন, যাঁর খাদের কিনার থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় জানা আছে। তৃতীয়বারের মতো আতলেতিকোকে ফাইনালে তোলার লক্ষ্যে রণকৌশল সাজাবেন।

কৌশলগতভাবে আর্সেনাল বল দখলে আধিপত্য দেখালেও আতলেতিকো ওত পেতে থাকবে কাউন্টার অ্যাটাক আর সেট-পিস থেকে সুযোগ কাজে লাগাতে। সিমিওনের দল এবার প্রথাগত রক্ষণাত্মক খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবলেও মেলে ধরার চেষ্টা করছে। চলতি আসরে ক্লাব রেকর্ড ৩৫ গোল করা দলটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা ৩৭ ম্যাচে একবারও গোলহীন হয়ে মাঠ ছাড়েনি।

মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণের সূক্ষ্ম ভুলই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। বিশেষ করে আর্সেনালের হাই-লাইন ডিফেন্সের বিপক্ষে হুলিয়ান আলভারেজের গতি বড় হুমকি হয়ে উঠতে পারে। প্রথম লেগের মতো আজও এই আর্জেন্টাইন ফরোয়ার্ডই হবেন সিমিওনের তুরুপের তাস। চ্যাম্পিয়নস লিগে একাই ১০ গোল করা আলভারেজের হাই-ইনটেনসিটি প্রেসিং ও গোলশিকারের দক্ষতা সামলানোই হবে আর্সেনালের মূল চ্যালেঞ্জ। সঙ্গে অভিজ্ঞ আঁতোয়ান গ্রিজমানের চতুরতা আতলেতিকোর আক্রমণকে করে তুলেছে আরও ধারালো, যা কি না গানারদের অপরাজিত থাকার রেকর্ডকে হুমকির মুখে ফেলতে পারে।

সুইডিশ গোলমেশিন ভিক্টর গিওকেরেস যদি জালের দেখা পান, তবে সাদিও মানে ও রিয়াদ মাহরেজের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে সেমিফাইনালের দুই লেগেই গোল করার কীর্তি গড়বেন তিনি।

চোট সমস্যার কারণে আর্সেনাল টিম্বার, মেরিনো ও কাই হাভার্টজকে পাচ্ছে না। বিপরীতে আতলেতিকোও মাঠে নামবে পাবলো ব্যারিওস ও হোসে জিমেনেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই। অপটা সুপার কম্পিউটার ৫৬ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে আর্সেনালকে এগিয়ে রাখলেও, নকআউট পর্বে সিমিওনের লড়াকু মানসিকতা যেকোনো সমীকরণ পাল্টে দিতে সক্ষম। এমিরেটসের দর্শকে ঠাসা গ্যালারি আর এক মুহূর্তের ব্যক্তিগত নৈপুণ্যই আজ নির্ধারণ করে দেবে বুদাপেস্টের পথে শেষ হাসি কে হাসবে।

জাপান ম্যাচের আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

‘সেরা অস্ত্র’ ছাড়াই ব্রাজিলের বিপক্ষে খেলতে নামছে জাপান

বিশ্বকাপ উন্মাদনার মাঝেই বন্দুক হামলা, নিহত ১

বিশ্বকাপের মাঝেই সুখবর পাচ্ছেন আর্জেন্টিনার কোচ

ব্রাজিলের সংবাদ সম্মেলনে জাপানিদের ভিড়, ফিফা কী বলছে

কে কী বলছেন, তা নিয়ে মোটেও ভাবছেন না ব্রাজিল কোচ

ব্রাজিলের বিপক্ষে এবার ইতিহাস বদলাতে চায় জাপান

মার্তিনেসের বাংলাদেশ প্রীতির গল্প আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

শেষ আটে না হলেও যখন মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো