হোম > খেলা > ফুটবল

হারের পরপরই অবসরে উরুগুয়ের তারকা ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

অবসর নিলেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ছবি: সংগৃহীত

মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে কেবল শেষ হয়েছে পালমেইরাস-এস্তুদিয়ান্তেস ম্যাচ। কোপা লিবার্তোদোরেসের ফাইনাল শেষে পালমেইরাস যখন উদযাপনে ব্যস্ত, বিপরীত চিত্র এস্তুদিয়ান্তেস দলে। বিশেষ করে এস্তুদিয়ান্তেস গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। দুঃখ-ভারাক্রান্ত মনেই অবসরের ঘোষণা দিলেন উরুগুইয়ান এই গোলরক্ষক।

কোপা লিবার্তোদোরেস শিরোপা জিতেই হয়তো খুশি মনে অবসরের পরিকল্পনা ছিল মুসলেরার। কিন্তু সেটা যে হয়নি। পালমেইরাসের কাছে ফাইনালে হারের কয়েক মিনিট পরই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। এমনকি শিরোপা জিতে বিদায় নিতে না পারলেও কোনো আক্ষেপ নেই উরুগুয়ের এই ফুটবলারের। ম্যাচ শেষে ইএসপিএনকে মুসলেরা বলেন, ‘শেষ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি, এটাই আমার প্রাপ্তি। আমি খুশি মনেই বিদায় নিচ্ছি।’

গত রাতে মন্টেভিডিওর ফাইনালে ১-০ স্কোরলাইনই বলে দেয় যে শিরোপা নির্ধারণী ম্যাচে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি মুসলেরাকে। প্রথমার্ধ দারুণভাবে রক্ষণভাগ সামলে রেখেছেন। ৫২ মিনিটে এস্তুদিয়ান্তেসের জালে যে গোল রামন সোসা করেন, তা ঠেকানোর তেমন কোনো সুযোগ ছিল না মুসলেরার। শিরোপা হাতছাড়ার দুঃখ এখনো ভুলতে পারছেন না তিনি। উরুগুয়ের গোলরক্ষক বলেন, ‘ফলের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তবে আজকের ম্যাচ পর্যন্ত আমরা যেভাবে লড়াই করেছি, তাতে আমি সন্তুষ্ট। অত্যন্ত খুশি মনেই বিদায় নিচ্ছি। ফল যা-ই হোক, এটি আমার ক্যারিয়ারের এক অসাধারণ সমাপ্তি। আর ফুটবলে এমন ফলাফল আসতেই পারে।’

মুসলেরার জন্ম আর্জেন্টিনায় হলেও জীবনের বেশির ভাগ অংশ কেটেছে উরুগুয়েই। উরুগুয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন। এমনকি উরুগুয়ের দুই ক্লাব মন্টেভিডিও ওয়ান্ডারার্স, এস্তুদিয়ান্তেসের হয়ে খেলেছেন। গতকাল হারের পর উরুগুয়ের গোলরক্ষক বলেন, ‘এস্তুদিয়ান্তেসে খেলেছি। ঘরের মাঠে খেলতে পেরে ভালো লাগছে। এই স্টেডিয়ামেই আমার পেশাদার ক্যারিয়ারের অভিষেক হয়েছিল। গ্যালারি দর্শকে পূর্ণ ছিল। শেষ পর্যন্ত আমাকে সমর্থন দিয়ে গেছে।’

গ্যালাতাসারাই, মন্টেভিডিও ওয়ান্ডারার্স, লাৎসিও, এস্তুদিয়ান্তেসের হয়ে ক্লাব ক্যারিয়ারে খেলেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ২৪ শিরোপা। তবে বিদায় বেলায় শিরোপা জিততে না পারার আক্ষেপ তো নিশ্চয়ই কাজ করছে মুসলেরার। উরুগুয়ের গোলরক্ষক বলেন, ‘এই মুহূর্তে কথা বলা সত্যিই কঠিন। তবে শেষ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি, এই তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি।’

উরুগুয়ের হয়ে ২০১১ সালে কোপা আমেরিকা জিতেছেন মুসলেরা। জাতীয় দলের জার্সিতে ১৩৭ ম্যাচের মধ্যে ৫২টিতেই ক্লিনশিট ধরে রেখেছেন। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাঁর দল গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। এমনকি তাঁর ভুলেও গোল হজম করেছে দুইবারের বিশ্বকাপজয়ী এই দল।