আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন মেসি। মনুমেন্তালে সেই ম্যাচে একটি গোলও করেন তিনি। মাঠে মেসির বিদায়ী মুহূর্তের সাক্ষী হন আন্তোনেলা ও তাঁদের তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো।
এরপর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে মেসিকে উদ্দেশ্য করে আন্তোনেলা লেখেন,‘এমন রাতও আছে, যেগুলো পুরো একটি জীবনকে ব্যাখ্যা করে। আর গত রাতটা ছিল তেমনই একটি রাত।’
মেসিকে ঘিরে দর্শকদের ভালোবাসা ছুঁয়ে গেছে আন্তোনেলাকে। তিনি লিখেছেন, ‘তোমাকে এত ভালোবাসায় ঘেরা অবস্থায় দেখা কতটা সুন্দর ছিল। এত মানুষ তোমাকে ধন্যবাদ জানাচ্ছিল এবং এত বছর ধরে তুমি তাদের যা দিয়েছো, তার সবটুকুই যেন তোমার কাছে ফিরিয়ে দিচ্ছিল।’
মেসির প্রতি মানুষের এই ভালোবাসা তাঁর দীর্ঘ পথচলারই ফল বলে মনে করেন আন্তোনেলা, ‘এই ভালোবাসা তুমি অর্জন করেছো। তোমার ব্যক্তিত্ব, তোমার বিনয়, তোমার দায়বদ্ধতা এবং এই জার্সির জন্য সবসময় উজাড় করে দেওয়া তোমার হৃদয় দিয়ে তুমি এই ভালোবাসা গড়ে তুলেছো।’
মেসির সঙ্গে দীর্ঘ পথচলার কথাও স্মরণ করেছেন আন্তোনেলা। তিনি লিখেছেন, ‘তোমার পাশে থেকে এই পথ পাড়ি দিতে পেরে কতটা গর্বিত আমি! আর তোমার জীবনের এত বড় একটি অধ্যায়ের এমনভাবে সমাপ্তি দেখতে পেরে অনুভূতিটা আরও গভীর।’
শেষে মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আন্তোনেলা লিখেছেন, ‘আমাদের এত কিছু শেখানোর জন্য ধন্যবাদ! আমরা তোমাকে ভালোবাসি, লিও। সব সময় তোমার পাশে আছি।’
২০৮ ম্যাচে ১২৫ গোল ও ৬৮ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জিতেছেন তিনি। তাঁর বিদায়ী ম্যাচে মনুমেন্তালে প্রায় ৮৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন।