দলবদলের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই আতলেতিকো মাদ্রিদের মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেস। অসুস্থতার কারণে কয়েক দিন দলের বাইরে থাকার পর আবার সতীর্থদের সঙ্গে মাঠে নেমেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
সানচেজ পিজহুয়ানে সেভিয়ার বিপক্ষে জয়ের পর অনুশীলনে ফিরেছে আতলেতিকো। সেই সেশনের সবচেয়ে উল্লেখযোগ্য খবর ছিল আলবারেসের ফেরা। মেট্রোপলিতানোয় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ছিলেন না তিনি। অসুস্থতার কারণে দুই দিন দলের বাইরে থাকার পর আরও দুই দিন ব্যক্তিগত পরিকল্পনা অনুযায়ী একা অনুশীলন করেন।
শুক্রবার অনুশীলনে ফিরলেও সেদিন আলাদাভাবে কাজ করেছিলেন আলভারেস। তবে দুই দিন ব্যক্তিগতভাবে অনুশীলনের পর এবার তিনি পুরো দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলবদলের বাজার বন্ধ হতে আর মাত্র দুই দিন বাকি থাকায় তাঁর ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা।
বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই আতলেতিকোর ভক্তদের তোপের মুকে পড়েছেন আলবারেস। ম্যাচে এবং অনুশীলনে একাধিকবার দুয়ো শুনতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে মাদ্রিদের ক্লাবটিতে ভালো নেই আক্রমণভাগের এই ফুটবলার। তাঁকে কোনোভাবেই বার্সার কাছে বিক্রি করতে চায় না আতলেতিকো। গ্রীষ্মকালীন দলবদল শেষের দিকে হওয়ায় আলভারেসের কাতালান ক্লাবে যাওয়ার সম্ভাবনা একরকম ক্ষীণ হয়ে এসেছে।
তবে আলভারেস বার্সায় যাওয়ার ইচ্ছা বাদ দিয়ে আতলেতিকোতেই থাকলে তাঁকে দ্রুত ম্যাচের জন্য প্রস্তুত করতে চায় ক্লাবটি। সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন আতলেতিকোর কর্মকর্তা মাতেউ আলেমানি।
তিনি বলেছিলেন, ‘আমরা আশা করছি, সে (আলভারেস) দ্রুত দলের সঙ্গে পুনরায় যুক্ত হবে এবং লা লিগার পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকবে।’
সেভিয়ার বিপক্ষে যাঁরা শুরুর একাদশে ছিলেন, তাঁরা এদিন রিকভারি সেশন করেছেন। অন্যদিকে আলভারেস দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন। এখন সান মেমেসে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আতলেতিকো।
দলবদলের বাজার বন্ধ হতে বাকি মাত্র দুই দিন। ফলে জুলিয়ান আলভারেজকে ঘিরে চলা জল্পনার শেষ পর্যন্ত কী পরিণতি হয়, সেটিই এখন দেখার বিষয়।