সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন নিকো পাস। রিয়ালে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল রিয়াল কোচ হোসে মরিনিওকে। তবে কোমোর আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে সরাসরি কিছু না বলে সংক্ষিপ্ত জবাবে প্রসঙ্গটি এড়িয়ে গেছেন পর্তুগিজ কোচ।
বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন পাজ। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ পুরোনো। মাত্র ১১ বছর বয়সে ২০১৬ সালে রিয়ালের একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। বয়সভিত্তিক দলের বিভিন্ন ধাপ পেরিয়ে জায়গা করে নেন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ায়। ২০২৩ সালের নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে মূল দলের হয়ে অভিষেক হয় তাঁর। রিয়ালের জার্সিতে খেলেছেন আটটি অফিশিয়াল ম্যাচ, স্বাদ পেয়েছেন ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ জয়েরও। পরে ২০২৪ সালের আগস্টে তাঁকে কোমোর কাছে বিক্রি করে স্প্যানিশ জায়ান্টরা।
বাংলাদেশ সময় আগামীকাল রাত ২টায় চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-পিএসভি আইন্দহোফেন। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন মরিনিও। পাসকে নিয়ে প্রশ্ন উঠতে সেটা একরকম হেসে উড়িয়ে দিলেন রিয়াল কোচ। মরিনিও বলেন, ‘নিকো পাস? সে তো আমার দলে খেলে না।’
পাজকে আবারও দলে ফিরিয়ে আনার সুযোগ রেখেছে রিয়াল। ২০২৭ সালের গ্রীষ্মে ৮ কোটি ইউরোতে তাঁকে কিনে নেওয়ার শর্ত রয়েছে স্প্যানিশ ক্লাবটির। ফলে আগামী মৌসুমে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও বাড়তে পারে। যদিও এ বিষয়ে মরিনিও সরাসরি কোনো মন্তব্য করেননি।
এদিকে ফুটবলারদের অতিরিক্ত ম্যাচ খেলা ও চোটের ঝুঁকি নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন মরিনিও। বেশি ম্যাচ খেলায় খেলোয়াড়দের ধর্মঘট করার সম্ভাবনা তৈরি হতে পারে। এ প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, ‘অনেক টাকা আয় করতে চাইলে ঝুঁকিও নিতে হবে। এটাই জীবন। খেলোয়াড়েরা যদি বেশি ম্যাচ খেলার কারণে ধর্মঘট করতে চায়, তাহলে তারা বেতন অর্ধেক করার বিষয়ে একমত হতে পারে। লুইস এনরিকে কি সংবাদ সম্মেলনে কথা বলা এড়াতে ২০ শতাংশ বেতন কমাতে রাজি হবেন? লুইসকে আমি সম্মান করি। তবে তাঁর সঙ্গে একমত নই। আমার বেতনে হাত দেবেন না।’
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে আগামীকাল রাতে (বাংলাদেশ সময়) রিয়ালের ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন মরিনিও। প্রতিপক্ষের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পেরিসিচ ও কোস্টিচের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি তাদের দলে প্রতিভাবান তরুণেরাও আছে। ম্যাচটি কঠিন হবে।’