ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে নিয়ে কড়া সমালোচনা করেছেন ক্লাবটির সাবেক কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেল। লিভারপুলের কাছে ৪-০ গোলে হারের পর আর্জেন্টাইন ডিফেন্ডারকে রীতিমতো তুলোধুনো করেছেন ইউনাইটেডের সাবেক এই ফুটবলার।
মার্তিনেসের মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে সতীর্থ ও ক্লাব কর্মকর্তাদের সমালোচনা করার প্রবণতা কোনোটিই বাদ দেননি ডেনমার্কের সাবেক এই ফুটবলার। আর্জেন্টাইন ডিফেন্ডারকে নিয়ে বিরক্তি প্রকাশ করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক বলেন, ‘তাকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। সত্যি বলতে আর কথা বলতে চাই না তাকে নিয়ে ।’
শুধু পারফরম্যান্স নয়, মার্তিনেসের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন স্মাইকেল। তাঁর মতে, সতীর্থ ও ক্লাবের দায়িত্বশীল ব্যক্তিদের সমালোচনা করার আগে নিজের পারফরম্যান্সে উন্নতি করা উচিত এই ডিফেন্ডারের। কিংবদন্তি গোলরক্ষক বলেন, ‘সে ক্লাবের দায়িত্বে থাকা ব্যক্তিদের সমালোচনা করে, সতীর্থদেরও সমালোচনা করে। আমার মনে হয়, তার নিজের পারফরম্যান্স এর চেয়ে ভালো হওয়া উচিত।’
লিভারপুলের বিপক্ষে হজম করা কয়েকটি গোলের দায়ও মার্তিনেসের ওপর চাপিয়েছেন সাবেক এই গোলরক্ষক। তিনি বলেন, ‘আজকের সব গোল না হলেও দু-একটি আবার দেখে নিতে পারেন। সেসব মুহূর্তে সে ঘটনাস্থলেই ছিল। অন্তত লিভারপুলের গোল করা কঠিন করে তুলতে তার কিছু একটা করার সুযোগ ছিল।’
মার্তিনেসের পাশাপাশি পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্মাইকেল। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে দলটির শিরোপার স্বপ্ন দেখার চেয়ে অবনমন এড়ানো নিয়ে বেশি ভাবা উচিত। তিনি বলেন, ‘এই দলকে দেখে মনে হচ্ছে, তারা অবনমনের শিকার হতে পারে। তাই এখন তাদের লক্ষ্য হওয়া উচিত অবনমন এড়ানো।’
শিরোপাজয়ী দল গড়ার সম্ভাবনা নিয়েও চিন্তিত স্মাইকেল। তিনি বলেন, ‘তারা যদি আরও দীর্ঘ সময় এভাবে খেলতে থাকে, তাহলে বড় সমস্যা তৈরি হবে। এই খেলোয়াড়দের নিয়ে তারা কখনোই শিরোপাজয়ী দল গড়তে পারবে না।’
মার্তিনেসকে নিয়ে ইউনাইটেডের সাবেক তারকাদের সমালোচনা অবশ্য নতুন নয়। এর আগে ওয়েইন রুনি, রিও ফার্দিনান্দ, নিকি বাট ও পল স্কোলসও প্রকাশ্যে আর্জেন্টাইন এই ডিফেন্ডারের সমালোচনা করেছেন। দলের সাম্প্রতিক ব্যর্থতায় আবারও সমালোচনার কেন্দ্রে এসেছেন তিনি।
এদিকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে ইউনাইটেডকে। বুধবার চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে তারা। প্রতিযোগিতাটিতে চার ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এরপর শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগে মাঠে নামবে রেড ডেভিলরা। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এই টুর্নামেন্টের ২০ দলের মধ্যে ১৯ নম্বরে ইউনাইটেড।