সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
প্রথম ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দুই ম্যাচ খেলে চার গোল হজম করেছে। বিপরীতে কোনো গোল করতে পারেনি। গতকাল সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারের পর হামজা ফিফার সঙ্গে কথা বলেছেন। নভেম্বরে অনুষ্ঠেয় সাফ টুর্নামেন্ট এখন তাঁর টার্গেট বলে উল্লেখ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার। আট বছর পর বাংলাদেশে এবার হচ্ছে সাফ। দুই ম্যাচ হারের পর হামজা বলেন, ‘নভেম্বরে দেশের মাঠে আমাদের একটি বড় টুর্নামেন্ট আছে। ইনশা আল্লাহ, আমরা সেটাকে সামনে রেখে এগোচ্ছি।’
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশের ডিফেন্ডার শাকিল আহাদ তপুর রক্ষণকৌশল নিয়ে উঠেছে প্রশ্ন। টমাস ডুলির দল তিন গোল হজম করেছে তাঁর ভুলেই। তাছাড়া গ্রুপে যে চার দল রয়েছে, তাদের মধ্যে বাংলাদেশই সবার পেছনে। ডুলির দল অবস্থান করছে ১৮১ নম্বরে। ইন্দোনেশিয়া রয়েছে ১১৮ নম্বরে। মালয়েশিয়ার অবস্থান ১৩৬। সিঙ্গাপুরও অবস্থান করছে ১৫০-এর মধ্যে। এশিয়ার দলটি ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান করছে ১৪৮ নম্বরে।
র্যাঙ্কিং দিয়ে অবশ্য হামজা সবকিছু বিচার করতে নারাজ। সিঙ্গাপুর ম্যাচের পর ফিফাকে বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘আমাদের জন্য এই পর্যায়ে তাদের বিপক্ষে খেলাটা দারুণ ব্যাপার। র্যাঙ্কিংয়ে তারা (মালয়েশিয়া) আমাদের ওপরে। কিন্তু মাঠের কিছু নির্দিষ্ট মুহূর্তের দিকে তাকালে আসলে সেই ব্যবধানটা খুব একটা চোখে পড়ে না। সুতরাং আমরা নিশ্চয়ই কিছু একটা ঠিকঠাক করছি।’
মালয়েশিয়া ম্যাচের পর শাকিল আহাদ তপুকে সরিয়ে রক্ষণভাগে আনা হয় জিদান ইউসুফকে। বাদ দেওয়া হয় ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, ফারহান আলী ওয়াহিদকেও। জামাল ভূঁইয়া, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিনকে নিয়ে আসা হয় সিঙ্গাপুরের বিপক্ষে। ১-০ গোলে হারলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কমপক্ষে পাঁচটা কর্নার পেয়েছে। তবে ঠিকমতো ফিনিশিং দিতে পারেনি।
মাঠের পারফরম্যান্স ছাপিয়ে প্রথমবারের মতো ইন্দোনেশিয়া সফর উপভোগ করছেন হামজা। ফিফাকে বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘আমার সত্যিই খুব ভালো লেগেছে। ইন্দোনেশিয়ায় এটাই আমার প্রথম আসা। আমার অনেক বন্ধু এবং পরিবারের কয়েকজন সদস্য আগে এখানে এসেছেন। আর তাঁরা এই দেশ সম্পর্কে শুধু ভালো কথাই বলেছেন। তাই নিজে এখানে এসে সময় কাটাতে পেরে বেশ ভালো লাগছে।’
নভেম্বরে সাফের সবগুলো ম্যাচ হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ঘরের মাঠে হামজা-জামাল ভূঁইয়াদের দেখতে ভক্ত-সমর্থকেরা কতটা উদগ্রীব হয়ে থাকেন, সেটা আগেই বোঝা গেছে। এবার সাফ টুর্নামেন্টে কী হবে, সেটা আর না বললেও চলছে। তার আগে আসিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে পরশু। সেই ম্যাচে হামজা-জামালদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।