দীর্ঘ ৫ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের দিনটি স্মরণীয় করে রাখল ফর্টিস এফসি। সংস্কারকাজ শেষে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে আজ মঙ্গলবার ফেডারেশন কাপে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ২০২১ সালের সেপ্টেম্বরের পর ঐতিহ্যবাহী এই ভেন্যুতে প্রথমবারের মতো গড়াল ঘরোয়া ফুটবলের বল। তবে দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবল ফিরলেও বেলা আড়াইটার ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল বেশ কম, সব মিলিয়ে প্রায় ৫০০ দর্শক মাঠে বসে খেলা দেখেছেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফর্টিস। তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল রহমতগঞ্জের এক ডিফেন্ডার হেডে বিপদমুক্ত করার চেষ্টা করলে বক্সের বাইরে পেয়ে যান আরিক বিস্তা। দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে ফর্টিসকে এগিয়ে দেন নেপালের এই মিডফিল্ডার।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করতে মরিয়া হয়ে ওঠে ফর্টিস। ম্যাচের ৬৩ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে পা ওমর বাবুর বাঁকানো শট রহমতগঞ্জের গোলরক্ষককে পরাস্ত করে জালে আশ্রয় নেয়। দৃষ্টিনন্দন এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফর্টিস।
ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফর্টিসের রক্ষণভাগ ভাঙতে পারেনি পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। উল্টো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+৬ মিনিট) আরেকটি গোল হজম করে তারা। এবারও নেপথ্যে ছিলেন পা ওমর বাবু। তাঁর বাড়ানো নিখুঁত পাস থেকে বল জালে পাঠিয়ে ফর্টিসের ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেন স্টিফেন চুকউদে।
জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই দাপুটে জয় পেল ফর্টিস। টানা হারের বৃত্তে থাকা রহমতগঞ্জ ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বেশ চাপে পড়ে গেল।
এ গ্রুপের অপর ম্যাচে মুন্সিগঞ্জ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ৫১ মিনিটে শেখ মোরসালিন খোলেন গোলের খাতা। ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আল আমিন। মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ৮৮ মিনিটে জয়সূচক গোলটি করেন জাফর ইকবাল। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে উঠে গেল চট্টগ্রাম সিটি এফসি।