ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে নেইমারের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যমে। তবে এমন খবরকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এই ফরোয়ার্ড। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন সান্তোস তারকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে নেইমার লেখেন, ‘সাধারণত স্টোরির মাধ্যমে এ ধরনের বিষয়ে কথা বলি না। কিন্তু এবার সবকিছু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে।’
ব্রাজিলের সংবাদমাধ্যম মেত্রোপোলেসের সাংবাদিক ফাবিয়া অলিভেইরার এক প্রতিবেদনের পর এই গুঞ্জনের সূত্রপাত। প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর সাও পাওলোর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেইমার ও ভার্জিনিয়া। সেখানে সোফায় বসে থাকা নেইমারের পাশে নাচতে দেখা যায় এই ইনফ্লুয়েন্সারকে।
তবে দুজনের প্রতিনিধিরাই সম্পর্কের খবর অস্বীকার করেছেন। নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রকাশিত তথ্য মিথ্যা এবং বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই।’ অন্যদিকে ভার্জিনিয়ার প্রতিনিধিরাও এমন খবরকে মিথ্যা বলে অভিহিত করেছেন। তাঁদের অভিযোগ, ভার্জিনিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে অনুমাননির্ভর খবরকে সত্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
প্রতিনিধিদের বিবৃতির কয়েক ঘণ্টা পর নিজেও বিষয়টি নিয়ে মুখ খোলেন নেইমার। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘একজন অন্য ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক রয়েছে বলে একটি খবর ছড়ানো হচ্ছে। আমি বিষয়টি অস্বীকার করছি! আমার দল ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। তবে বিষয়টির ইতি টানতে ব্যক্তিগতভাবে আমারও কথা বলা প্রয়োজন ছিল।’
পোস্টের শেষ দিকে নিজের বিরক্তি প্রকাশ করে নেইমার লেখেন, ‘এবার আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’
উল্লেখ্য, ভার্জিনিয়া ফনসেকা ও ভিনিসিয়ুস জুনিয়র গত জুলাইয়ে আবারও সম্পর্কে জড়িয়েছিলেন। এর দুই মাস আগে প্রথমবার বিচ্ছেদ হয় তাঁদের। তবে সবশেষ বিচ্ছেদের সময় ভার্জিনিয়ার প্রতিনিধিরা জানিয়েছিলেন, দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টেনেছেন তাঁরা।