হোম > খেলা > ফুটবল

এখানে কাউকে ভয় পেতে আসিনি: হামজা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অনুশীলনে হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। কাল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী পরশু। প্রতিপক্ষ মালয়েশিয়া, যারা র‌্যাঙ্কিংয়ে (১৩৬) এগিয়ে এবং সাম্প্রতিক সময়ে ফুটবলে বেশ উন্নতি করেছে। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা র‌্যাঙ্কিং নিয়ে ভাবতে রাজি নন হামজা চৌধুরী। তাঁর বার্তা পরিষ্কার—বাংলাদেশ কাউকে ভয় পেতে আসেনি।

ইন্দোনেশিয়ার জাকার্তায় দলে যোগ দিয়ে অনুশীলন করেছেন হামজা। সেখানেই আসন্ন টুর্নামেন্ট নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন লেস্টার সিটিতে খেলা বাংলাদেশের তারকা এই মিডফিল্ডার। তাঁর চোখে, শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগটাই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। একই সঙ্গে ম্যাচগুলো থেকে যতটা সম্ভব পয়েন্ট তুলে নেওয়াকে নিজেদের লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। তবে এটি আমাদের জন্য শেখারও একটা সুযোগ। যত বেশি সম্ভব অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে চাই, যাতে আমাদের দেশকে গর্বিত করতে পারি।’

জাকার্তায় পৌঁছে পরিবেশ নিয়েও সন্তুষ্ট হামজা। স্থানীয় মানুষের আতিথেয়তা, ফুটবলের প্রতি আগ্রহ এবং অনুশীলনের সুযোগ-সুবিধা তাঁকে মুগ্ধ করেছে। বললেন, ‘ঠিক যেমনটা আশা করেছিলাম, (স্থানীয় মানুষের আতিথেয়তা) তেমনই। খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, খুবই ভালো মানুষ। এখানকার ফুটবলের প্রতি আগ্রহ অনেক বেশি এবং সুযোগ-সুবিধাগুলোও খুবই চমৎকার। হ্যাঁ, আমি শুক্রবারের ম্যাচ খেলতে উন্মুখ হয়ে আছি। দেখা যাক, আমরা কেমন করি।’

প্রতিপক্ষ মালয়েশিয়াকে অবশ্য যথেষ্ট সমীহ করছেন হামজা। তাঁর মতে, দলে মানসম্পন্ন খেলোয়াড়ের পাশাপাশি ভালো একজন কোচও আছেন। সাম্প্রতিক সময়ে দেশটির ফুটবলে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটিও অজানা নয় হামজার, ‘তাদের র‌্যাঙ্কিং ভালো। দলে বেশ কিছু ভালো মানের খেলোয়াড় আছে এবং কোচও ভালো। ফুটবলের ওপর দেশটি অনেক গুরুত্ব দিচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বেও তারা কতটা এগোতে পারে, সেটি দেখার বিষয়। তাদের একটি শক্তিশালী দল আছে।’