হোম > খেলা > ফুটবল

মেসিদের আর্জেন্টিনার অপেক্ষায় তপ্ত ডালাস

রানা আব্বাস, ডালাস থেকে

অস্ট্রিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী পরশুর এই ম্যাচ সামনে রেখে গতকাল কানসাস সিটিতে দলীয় অনুশীলনে লিওনেল মেসি। ছবি: এএফপি

শুক্রবার ভোরে হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ট বেজে উঠল ফোনে। সকাল ১০টার দিকে আকস্মিক বন্যা হওয়ার আগাম সতর্কবার্তা পাঠিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময়ে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। অথচ গত পরশু বৃহস্পতিবার আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে যেতেই টের পাওয়া যাচ্ছিল গরমের কী ঝাঁজ।

ডালাসের আবহাওয়া এ রকমই, এখন তপ্ত রোদ্দুর তো হঠাৎ টর্নেডো কিংবা আকস্মিক বন্যার মতো দুর্যোগের হানা। বিচিত্র আবহাওয়ার ডালাস এখন মেসিদের অপেক্ষায়। গ্রুপপর্বে তাঁদের বাকি দুটি ম্যাচ এই ৯৪ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে। ২২ জুন দুপুর ১২টায় অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। ২৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচটি রাত ৯টায়।

ঘাঁটি কানসাসে, ম্যাচের আগের দিন ডালাসে আসবে আর্জেন্টিনা। শুক্রবার ঝড়বৃষ্টির প্রাদুর্ভাব দেখা গেলেও সোমবারের আবহাওয়া পূর্বাভাসে আবার তা নেই। অস্ট্রিয়ার বিপক্ষে ভরদুপুরে কড়া রোদের মধ্যে যদি খেলতেই হয়, কন্ডিশন ভালোই চ্যালেঞ্জ জানাবে মেসিদের।

ডালাসের গরমের কথা চিন্তা করে আয়োজকেরা অনেক ব্যবস্থাই নিয়েছেন। ঝাঁজালো রোদে প্রায় ২ কিলোমিটার হেঁটে স্টেডিয়ামে প্রবেশের পর গরমে খেলা দেখতে হবে। যদিও দর্শক ধারণক্ষমতায় ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ভেন্যু ডালাসের ছাদ সম্পূর্ণ ঢাকা। তবু স্টেডিয়ামের বাইরে সতর্কতা হিসেবে একটি ‘অস্থায়ী হাসপাতাল’ নির্মাণ করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে জরুরি সেবাকর্মীরা বিশ্বকাপ ফুটবল দর্শকদের প্রচণ্ড গরম থেকে নিরাপদ রাখতে ব্যাপক চিকিৎসা-সহায়তা ব্যবস্থা করেছেন। প্রচণ্ড গরমজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আমেরিকান মেডিকেল রেসপন্স (এএমআর) ও আর্লিংটান ফায়ার ডিপার্টমেন্ট স্টেডিয়ামের ঠিক বাইরে একটি অত্যাধুনিক ভ্রাম্যমাণ জরুরি চিকিৎসা ইউনিট স্থাপন করেছে। ম্যাচের দিন ইউনিটে চিকিৎসক, ইএমটি, প্যারামেডিক ও দমকলকর্মীরা দায়িত্ব পালন করেন। একই ধরনের চিকিৎসা সুবিধা স্টেডিয়ামের ভেতরেও রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে এএমআরের সহযোগী প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. জেরাড ট্রাউটম্যান বলেছেন, ‘আমরা আমাদের ভ্রাম্যমাণ জরুরি চিকিৎসা ইউনিটে দাঁড়িয়ে আছি। এটি ডালাস স্টেডিয়ামের বাইরে স্থাপন করা হয়েছে। যেসব দর্শকের চিকিৎসার প্রয়োজন হবে, তাদের এখানেই দ্রুত সেবা দেওয়া, আমাদের সক্ষমতার মধ্যে চিকিৎসা এবং যতটা সম্ভব তাদের হাসপাতালে পাঠানোর প্রয়োজন এড়ানো।’

ডালাসের আবহাওয়া দর্শকদের জন্যই যদি চ্যালেঞ্জিং হয়, মাঠে খেলোয়াড়দের কতটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাহলে? এরই মধ্যে কানসাসে আর্জেন্টিনা দল তপ্ত আবহাওয়ায় খেলার অনুশীলন সেরেছে। কানসাসে আর্জেন্টিনা দলের অনুশীলনে খেলোয়াড়দের গায়ে বিশেষ ভেস্ট দেখা গেছে। তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে এই বিশেষ ভেস্টের ব্যবস্থা। এটা মূলত ‘কুলিং ভেস্ট’। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই ভেস্টে বেশ কিছু পকেট থাকে, যেখানে কুলিং জেল ব্যবহার করা হয়। অতিরিক্ত গরমে অ্যাথলেটদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে এটি। পায়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ধরনের ‘ইনসুলেটেড বুট’ও ব্যবহার করেছেন মেসিরা।

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয় দিয়ে শুরু করা আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হতে পারে ডালাসেই। সোমবার অস্ট্রিয়ার সঙ্গে জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। বিশ্বকাপ ধরে রাখার অভিযানে আসা আর্জেন্টিনা অনুশীলন করছে তাদের বেস ক্যাম্প কানসাসে। ম্যাচের আগের দিন তারা আসবে ডালাসে। এ ভেন্যুতে বিশ্বকাপের সর্বোচ্চ ৯টি ম্যাচ রাখা হয়েছে। আছে একটি সেমিফাইনালও।

এরই মধ্যে আর্জেন্টিনার সমর্থকেরা আসতে শুরু করেছেন ডালাসে। গত পরশু স্টেডিয়ামটির বাইরে দেখা হলো আর্জেন্টিনার কয়েকজন সমর্থকের সঙ্গে। তাঁদের একজন পাবলোর ভবিষ্যদ্বাণী, ‘ডালাসে অস্ট্রিয়াকে ৪-০ ও জর্ডানকে ২-০ গোলে হারাবে আর্জেন্টিনা।’

ডালাস স্টেডিয়ামে প্রবেশ ও বেরোনোর সড়কে রয়েছে বিশাল একটি গোল্ডেন বুটের ভাস্কর্য। প্রায় ৭ ফুট উঁচু ও ১৮ ফুট লম্বা এই অনন্য শিল্পকর্মটি টেক্সাস থেকে সংগ্রহ করা পুনর্ব্যবহৃত ধাতু দিয়ে তৈরি। মেসি-এমবাপ্পেদের শ্রেষ্ঠত্বের স্মারকের প্রতিচ্ছবিই যেন এই গোল্ডেন বুটের ভাস্কর্য। এবার গোল্ডেন বুট জেতার দৌড়ে থাকতে ডালাস রাঙাতেই হবে মেসিকে।

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

ঠান্ডা মাথার ‘অপেশাদার’ গোলমেশিন

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র

স্টেডিয়ামের পাশাপাশি জাপানি পুরুষদের ঘরেও বাড়তি দায়িত্ব নেওয়ার পরামর্শ

‘সেরা তৃতীয়’র কোন ৮ দল কীভাবে বাছাই করবে ফিফা

ইংল্যান্ড কোচের অভিযোগের পর নিয়ম বদলাল ফিফা

ফিক্সিং তদন্তের মাঝেই কানাডার ভিসা পেলেন সেই ফুটবলার

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন হাকিমি

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নীতি নিয়ে ফিফায় অভিযোগ জানাচ্ছে ইরান

বিদায়ের ঘোষণা দিলেন নয়্যার