হোম > খেলা > ফুটবল

হাসি-খুনসুটির মিলনমেলাতেও সাফ-ব্যর্থতার বিষাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবাহনী মাঠে মিলনমেলায় সাবেক ফুটবলাররা। ছবি: সংগৃহীত

সকাল থেকেই ঢাকার আকাশে বৃষ্টির দাপট—কখনো মুষলধারে, কখনো গুঁড়িগুঁড়ি। বৈরী আবহাওয়ায় আজ বিকেল তিনটার প্রদর্শনী ম্যাচটি শুরু হতে বেজে গেল সোয়া চারটা। তবু বৃষ্টিভেজা বিকেলে আবাহনী মাঠের সবুজ গালিচায় জমে উঠল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের সাবেক ফুটবলারদের মিলনমেলা।

খেলা শুরুর আগে মাঠের এক কোণে দেখা গেল হৃদয়ছোঁয়া দৃশ্য। এক প্রবীণ ফটোসাংবাদিককে ঘিরে সেলফি তোলার হিড়িক পড়ে গেছে সাবেক তারকাদের মধ্যে। খেলোয়াড়ি জীবনে যাঁর ক্যামেরায় বন্দী হয়েছেন তাঁরা, আজ তাঁকেই ফ্রেমবন্দী করার পালা! এরই মধ্যে মাঠে পা রাখলেন সাবেক অধিনায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি ঢুকতেই ভিড় থেকে একজন প্রশ্ন ছুড়লেন, আগে আবাহনী না মোহামেডান? প্রতিমন্ত্রীর ঝটপট উত্তর, ‘আগে মোহামেডান।’ কথার সঙ্গে কাজের মিল রেখে ১৫ মিনিট করে ৩০ মিনিটের ম্যাচে শুরুতে মোহামেডান ও পরে আবাহনীর জার্সিতে খেলেন তিনি।

বাঁশি বাজতেই ফিরে এল চিরচেনা আবাহনী–মোহামেডান উত্তেজনা। সাইডলাইন থেকে মজার ছলে রেফারির দিকে তোপও দাগলেন কেউ কেউ। মাকসুদুল আলম বুলবুলের গোলে আবাহনী এগিয়ে যাওয়ার পর মোহামেডানকে সমতায় ফেরান আলফাজ আহমেদ। ১–১ গোলে ড্র হওয়া ম্যাচজুড়ে ছিল নির্মল আনন্দ।

কিন্তু এই উচ্ছ্বাসের আড়ালে সবার মনেই ছিল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায়ের তিক্ত হতাশা। ম্যাচ শেষে সাফ নিয়ে জিজ্ঞেস করতেই বদলে গেল সাবেক তারকাদের অভিব্যক্তি।

সমতাসূচক গোল করা ২০০৩ সাফজয়ী স্ট্রাইকার আলফাজ আহমেদ ক্ষোভ ঝেড়ে বলেন, ‘২০০৩-এর চ্যাম্পিয়ন শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। যখনই সাফ শুরু হয় তখনই আমাদের নিয়ে কথা হয়। এটা থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, বাংলাদেশ যেন চ্যাম্পিয়ন হয়। সেই আশাটা পূর্ণ হয়নি।’

সন্তানদের নিয়ে গ্যালারিতে বসে বাংলাদেশের হার দেখা ২০০৩ সাফজয়ী ইকবাল হোসেন বলেন, ‘আসলে ব্যর্থতা তো ব্যর্থতাই, সেটা হোম হোক আর বাইরে হোক। হোম গ্রাউন্ডে ব্যর্থতা হচ্ছে যে সবচাইতে কষ্টদায়ক। আমি কিন্তু আমার পরিবার নিয়ে গিয়েছিলাম মাঠে, আমার বাচ্চারা গিয়েছিল। ওরাও খুব কষ্ট পেয়েছে। সারাটা পথ আসার সময় ওদের মনটা খুব খারাপ ছিল, আমার নিজেরও খারাপ ছিল।’

টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে সাবেক ফরোয়ার্ড ইমতিয়াজ নকীব বলেন, ‘আসলে টোটালি ফুল ব্যাড ম্যানেজমেন্ট—কোচ থেকে শুরু করে সবকিছু। এজন্য ভালো রেজাল্ট পাইনি’ আর ঘরোয়া লিগের মান নিয়ে প্রশ্ন তুলে সাবেক তারকা রুম্মন ওয়ালী বিন সাব্বির বলেন, ‘আমি একটা জিনিস বলব, আমাদের কোনো সুষ্ঠু মাস্টার প্ল্যানিংই নাই। পেশাদার লিগের যে মানদণ্ড, সেই মানদণ্ডে সাফ জেতার আশা করা যায় না।’

কাঠামোগত সীমাবদ্ধতা মেনে নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘একাডেমি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটি আমরা স্বাধীনতার পর থেকে সবসময় বলে আসছি যে আমরা সাবকন্টিনেন্টের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে যেতে পারছি না—সেটা কখনোই আমরা পারব না।’

মিলনমেলার হাসি-খুনসুটি শেষে সাবেক ফুটবলাররা যখন মাঠ ছাড়ছিলেন, তখন সবার চোখেমুখে লেগে ছিল একটাই দীর্ঘশ্বাস—কবে ঘুচবে সাফের শিরোপা-খরা!