দীর্ঘ আট বছরের সফল অধ্যায়ের পর কয়েক মাস আগেই লিভারপুল ছেড়েছেন মোহাম্মদ সালাহ। এবার পা রাখলেন নতুন ঠিকানায়। তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই ফরোয়ার্ড। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সালাহর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি এজেন্ট ছিলেন সালাহ। বুধবার ইস্তাম্বুলে পৌঁছে নতুন ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হন বিপুলসংখ্যক ট্রাবজনস্পোর সমর্থক।
বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করে ট্রাবজনস্পোর। পরে ক্লাবের মাঠ পাপারা পার্কে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে। এর আগে নতুন সতীর্থদের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনও করেছেন তিনি।
নতুন ক্লাবে যোগ দিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে মুগ্ধ সালাহ। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘গত কয়েকটি দিন আমার জীবনের একেবারেই নতুন অভিজ্ঞতা। আজ ও গতকাল এখানে উপস্থিত থাকা প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি। আমি এখানে জিততে এসেছি।’
লিভারপুলের হয়ে ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন সালাহ। অলরেডদের জার্সিতে দুটি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন মোট আটটি বড় শিরোপা। ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে মার্সিসাইডের ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলারদের একজন বনে গেছেন সালাহ।
গত মার্চেই লিভারপুল ছাড়ার ঘোষণা দেন সালাহ। হতাশাজনক এক মৌসুমে তিনি করেছিলেন মাত্র ১২ গোল। একই সময়ে তৎকালীন কোচ আর্নে স্লটের সঙ্গে তাঁর প্রকাশ্য মতবিরোধও আলোচনায় আসে।
এবার সেই অধ্যায়ের সমাপ্তি টেনে নতুন চ্যালেঞ্জে নামছেন সালাহ। সাতবারের তুর্কি লিগ চ্যাম্পিয়ন ট্রাবজনস্পোর গত মৌসুমে লিগে তৃতীয় হয়েছিল। এবার এই অভিজ্ঞ এই ফরোয়ার্ডের হাত ধরে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে ক্লাবটি।