হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

ক্রীড়া ডেস্ক    

ছেলে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্যারিয়ারেই সর্বসাকল্যে ৩০ ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। এক সময় মুম্বাই ইন্ডিয়ান্স নেট বোলার হিসেবে অর্জুনকে কাজে লাগালেও আইপিএলে বলতে গেলে তাঁকে সুযোগই দেয়নি। এবারের আইপিএলেও খেলতে পেরেছেন কেবল এক ম্যাচ। তবু ছেলেকে নিয়ে গর্ব হয় ক্রিকেট কিংবদন্তির। গত রাতে ম্যাচ শেষে যে পোস্ট করেছেন শচীন, তা দ্রুতই ভাইরাল হয়েছে।

২০২৩ ও ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা অর্জুনকে এবার নিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গতকাল লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে লক্ষ্ণৌ শচীন পুত্রকে একাদশে খেলিয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেকে ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন এক উইকেট। সেই উইকেটটাও পাঞ্জাব কিংসের উইকেটরক্ষক ব্যাটার প্রভসিমরান সিংয়ের। ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৯ রান করেন প্রভসিমরান।

পাঞ্জাবের বিপক্ষে গত রাতে ফিল্ডিংয়ে একটি ক্যাচ ধরেছেন। আর ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। এই এক ম্যাচে সুযোগ পেয়ে অর্জুন যা করেছেন, তাতে গর্বিত শচীন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ম্যাচ শেষে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি লিখেছেন, ‘খুব ভালো করেছ অর্জুন।এই পুরো মৌসুমে তুমি যেভাবে নিজেকে সামলেছ, সেটা নিয়ে আমি সত্যিই গর্বিত। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা, ধৈর্য ধরে অপেক্ষা করা, নীরবে কঠোর পরিশ্রম করে যাওয়া আর সুযোগের জন্য শেষ ম্যাচ পর্যন্ত ইতিবাচক থাকা—সবকিছুই অসাধারণ ছিল।’

আইপিএলে এখন পর্যন্ত মাত্র ৬ ম্যাচ খেলেছেন অর্জুন। যার মধ্যে মুম্বাইয়ের হয়েই খেলেছেন ৫ ম্যাচ। আর লক্ষ্ণৌ এবার এমন এক সময়ে তাঁকে অভিষেক করিয়েছে, ততক্ষণে দলটির বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। ১৩ ম্যাচ লক্ষ্ণৌর ডাগআউটে বসে থাকার পর গত রাতে পাঞ্জাবের বিপক্ষে সুযোগ পেয়েছেন অর্জুন।

ছেলে অর্জুনকে বাস্তবতাও বুঝিয়ে দিয়েছেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি মনে করিয়ে দিয়েছেন, ক্রিকেটটা কেবল ২২ গজে দক্ষতার খেলা নয়, সাফল্য পেতে হলে থাকতে হবে ধৈর্যও। অর্জুনকে নিয়ে শচীন লিখেছেন, ‘ক্রিকেট যেমন দক্ষতার পরীক্ষা নেয়, তেমনি ধৈর্যেরও পরীক্ষা নেয়। আর আজ তুমি দুটোই দারুণভাবে সামলেছ। সব সময় মাটির কাছাকাছি থেকো, আর খেলাটাকে ঠিক আগের মতোই ভালোবেসে যেও। সব সময় তোমাকে ভালোবাসি।’

শচীনের ছেলে লক্ষ্ণৌর হয়ে অভিষেকটাও মনে রাখার মতো হয়নি। লক্ষ্ণৌর দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ২ ওভার হাতে রেখে ৭ উইকেটে জেতে পাঞ্জাব কিংস। ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে এখন পাঞ্জাব। তবে এখন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই ১৬ পয়েন্ট নিয়ে উঠে যাবে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব তো বাদই। কলকাতা নাইট রাইডার্সও মাঠে নামার আগেই বাদ। রাতে ইডেন গার্ডেনসে দিল্লি ক্যাপিটালসকে আতিথেয়তা দেবে কলকাতা।

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী

‘বিশ্বকাপে শুধু ভালো খেলা নয়, আমরা জিততে চাই’

বিসিবিতে পদ পেতে মরিয়া বিএনপির নেতা-স্বজনেরা

শান্ত-রাব্বিদের সেঞ্চুরির দিনে তাইজুলের ৫, দাপটের সঙ্গে জিতল মোহামেডান

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক

লঙ্কান লিগে সাকিবের দলেই খেলবেন তাসকিন

মেয়েদের এই টুর্নামেন্টে এবার বাংলাদেশকে খেলানোর কথা ভাবছে আইসিসি

হেডের সঙ্গে হাত না মিলিয়ে তোপের মুখে কোহলি