হোম > খেলা > ক্রিকেট

নিজের কাছেও প্রশ্ন, বড় মঞ্চে কেন ব্যর্থ বাংলাদেশ

হাবিবুল বাশার সুমন

হাবিবুল বাশার সুমন। ছবি: সংগৃহীত

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না। সবাই চ্যাম্পিয়ন হওয়াটাই মনে রাখে।

এশিয়া কাপে অনেক ম্যাচ তবু জিতেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপে আমাদের ফল খুব একটা ভালো না। বিশ্বকাপে সব সময় একই রকম পারফরম্যান্স। আমার নিজের কাছেও বড় প্রশ্ন, কেন? এশিয়ান গেমস বিশ্বকাপের মতো হয় না। তবে এখানেও আমরা মনে আশা করেই গেছিলাম। পুরোপুরি ব্যর্থ হয়েছি আর কী। আমাদের কারণ অনুসন্ধান করতে হবে। খেলোয়াড়েরা দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলে, কিন্তু বিশ্বকাপে যেয়ে কেন ভালো খেলে না। দল হিসেবে আমরা কেন যেন পারফর্ম করি না।

একটা ট্রফি জেতা উচিত বাংলাদেশের জন্য। খুব স্বাভাবিকভাবেই ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্সটা খুব বড় করে দেখা হয়। আমার প্রশ্নটা আসলে আমার কাছে, কেন জেতা হয় না? কারণ উই ডিড এভরিথিং রাইট। ২০১৯, ২০২৩ বিশ্বকাপে আমরা গেছি খুবই ভালো ছন্দে থেকে। দলে অভিজ্ঞ খেলোয়াড়ের ছড়াছড়ি। কিন্তু রেজাল্ট ওই একই।

স্কিলের চেয়ে মেন্টাল ব্যাপার থাকতে পারে। টিমে ট্যালেন্ট আছে। না হলে কীভাবে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করে। বিশ্বকাপে যেয়ে তো আর স্কিল আলাদা হচ্ছে না। মনস্তাত্ত্বিক ব্যাপার বড় হতে পারে। এখানে অনেক শক্ত হতে হবে। বাধা ভাঙতে হবে। ভাঙতে পারলে পরেরগুলোয় সেই অভিজ্ঞতা কাজে দেবে।

ইতিবাচক ভাবনায় সামনে এগিয়ে যেতে হবে। যা হওয়ার তো হয়েছে। বিশ্বাস করতে চাই যে সামনে এগোচ্ছি, আমাদের ভালো কিছু হবে। আমরা বড় ট্রফি জিততে পারিনি, ঠিক আছে। তবে আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে।

হাবিবুল বাশার সুমন: সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক, বিসিবি।