হোম > খেলা > ক্রিকেট

নাহিদার ‘সেঞ্চুরি’র ম্যাচে হেরেই গেল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ছবি: বিসিবি

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগেই বাংলাদেশের ক্রিকেটারদের মুখে হাসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলতে নামা নাহিদা আক্তারের হাতে তুলে দেওয়া হলো স্মারক। মাইলফলকের ম্যাচে খেলার আগে সতীর্থরা ছবি তুলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনারের সঙ্গে। কিন্তু দিনশেষে এই হাসি মিলিয়ে গেছে সতীর্থদের ব্যর্থতায়।

জিততে হলে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভাঙতে হতো নিজেদের পুরোনো রেকর্ড। প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচে নাহিদা ৬.৫ ইকোনমিতে এক উইকেটও পেয়েছেন। শেষ পর্যন্ত আর জয়ে রাঙানোর সৌভাগ্য তাঁর হলো না। বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

১৬২ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস দারুণ শুরু করেন। ২২ বলে গড়েন ৩৯ রানের জুটি। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় বাংলাদেশ। ৫ রানে ৪ উইকেট হারিয়ে ৫.৩ ওভারে ৪ উইকেটে ৪৪ রানে পরিণত হয়। স্বাগতিকদের ইনিংসে এরপর আরও দুটি ৩৯ রানের জুটি হয়েছিল। তবে পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তার-সোবহানা মোস্তারির ৫০ বলে ৩৯ রানের জুটি বাংলাদেশকে অনেকটা পিছিয়ে দেয়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলেছেন নাহিদা আক্তার। ছবি: বিসিবি

মাঝে যে ধাক্কাটা খেয়েছে বাংলাদেশ, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে থেমে যায় স্বাগতিকেরা। স্বর্ণার ৪৫ বলে ৬০ রানের ইনিংস ভেস্তে গেছে। ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অষ্টম উইকেটে সুলতানা খাতুনের সঙ্গে স্বর্ণার ২৭ বলে ৩৯ রানের জুটি কেবল হারের ব্যবধান কমাতে পেরেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর পাশাপাশি মালকি মাদারা, মিতালি অযোধ্যাও নিয়েছেন দুটি করে উইকেট।

সিলেটের মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাটিং পেয়ে লঙ্কানরা ২০ ওভারে ৪ উইকেটে করে ১৬১ রান। সর্বোচ্চ ৬১ রান করেন হারশিতা সামারবিক্রমা। ৩৫ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন।

শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন দুলানি। বাংলাদেশের সুলতানা ৪ ওভারে ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। নাহিদার (৬.৫ ইকোনমি) তুলনায় মারুফা খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন মারুফা।

টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি বাংলাদেশ নারী ক্রিকেট দল করেছিল শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২৩ সালের ৯ মে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) লঙ্কানদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তিন বছর পর আজ রেকর্ড গড়ার সুযোগ পেয়েও পারল না বাংলাদেশ। ৩০ এপ্রিল ও ২ মে সিলেটেই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আজ ম্যাচের সেঞ্চুরি করেছেন নাহিদা। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১১৭ ম্যাচ খেলেছেন নিগার সুলতানা জ্যোতি। এই তালিকায় তিন, চার ও পাঁচে থাকা ফাহিমা খাতুন, সালমা খাতুন ও রুমানা আহমেদ ৯৮, ৯৫ ও ৮৭ ম্যাচ খেলেছেন।

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল ক্রিকেট বোর্ড

সিরিজ জিততে এবার কোন কৌশল অবলম্বন করবে বাংলাদেশ

‘ভারতের বিপক্ষে খেলতে নামলেই বাড়তি আগ্রাসন চলে আসে’

শ্রীলঙ্কার বিপক্ষেই এবার বাংলাদেশের রেকর্ড ভাঙার হাতছানি

পিএসএল নিয়ে দর্শকদের খুশি দ্বিগুণ করল পাকিস্তান

নিউজিল্যান্ডের ক্রিকেটারকে হারিয়ে বিপাকে মুম্বাই, বদলি কে

‘এটাই সেই ক্রিকেট, যেটা আমরা খেলতে চাই’

‘বাংলাদেশ ম্যাচটা বের করে নিয়েছে, আমরা আটকাতে পারিনি’

শামীমের এই শটটা বাংলাদেশের ক্রিকেটাররা খুব কমই মারতে পারে, বলছেন হৃদয়

রেলিগেশন রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ৪ মে