মিরপুর শেরেবাংলায় আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগমুহূর্তে ধাক্কা খায় বাংলাদেশ। ১০৬ টেস্ট খেলা মুশফিকুর রহিম চোটে পড়ায় খেলতে পারছেন না মিরপুর টেস্ট। সেই ধাক্কা সামলে টস জিতে আগে ব্যাটিং নিয়ে শুরুটা দারুণ করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
ইনিংস বড় করতে না পারার যে ‘রোগ’ তানজিদ হাসান তামিমের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সেটারই পুনরাবৃত্তি ঘটল। দ্রুত ওপেনিং জুটি ভাঙার পর সাদমান ইসলাম এরপর মুমিনুল হকের সঙ্গে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। মুমিনুল দায়িত্বজ্ঞানহীন শটে আউট হলেও প্রথম সেশনে সুবিধানজনক অবস্থানে বাংলাদেশ। ২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান করে লাঞ্চে গেছে স্বাগতিকেরা।
দলীয় ৯ রানেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। সপ্তম ওভারের চতুর্থ বলে জেইডেন সিলসকে ড্রাইভ করতে গিয়ে তানজিদ (৭) প্রথম স্লিপে ক্যাচ দেন জাস্টিন গ্রিভসের হাতে। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুমিনুল। ওপেনার সাদমানের সঙ্গে সাবলীলভাবে খেলতে থাকেন মুমিনুল। ইনিংসের প্রথম চার বাংলাদেশ মারে নবম ওভারে। সেই ওভারের চতুর্থ বলে সিলসকে মিড উইকেট দিয়ে ফ্লিক করে চার মারেন সাদমান।
দুই বাঁহাতি সাদমান-মুমিনুলের জুটি যখন জমে ওঠে, তখনই ঘটে বিপদ। বলা যায় মুমিনুল এক রকম ‘আত্মহত্যা’ করেছেন। ২২তম ওভারের দ্বিতীয় বলে জোমেল ওয়ারিকানকে ডাউন দ্য উইকেটে খেলতে যান মুমিনুল। মিড অফে দাঁড়িয়ে থাকা শামার জোসেফ সহজেই বল তালুবন্দী করেছেন। থিতু হয়ে যাওয়া জুটি ভেঙে ওয়ারিকানকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। দ্বিতীয় উইকেটে মুমিনুল-সাদমান গড়েন ৮৮ বলে ৫৯ রানের জুটি।
মুমিনুল ৫১ বলে ২ চারে করেন ২৮ রান। এটা তাঁর ক্যারিয়ারের ৮২তম টেস্ট। চার নম্বরে নামা শান্ত এরই মধ্যে তৃতীয় উইকেটে সাদমানের সঙ্গে ২৮ রানের জুটি গড়ে ফেলেছেন। সাদমান ৪২ রানে অপরাজিত। শান্ত ১৫ রানে ব্যাটিং করছেন।